ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সিরাজগঞ্জে মেডিকেল শিক্ষার্থীকে গুলি: অস্ত্র মামলায় প্রভাষক রায়হান’র ২১ বছরের কারাদণ্ড

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৬:২৫ পিএম

সিরাজগঞ্জে মেডিকেল শিক্ষার্থীকে গুলি: অস্ত্র মামলায় প্রভাষক রায়হান’র ২১ বছরের কারাদণ্ড

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে গুলি করে আহত করা এবং অবৈধভাবে বিদেশি অস্ত্র ও গুলি রাখার দায়ে কলেজটির প্রভাষক ডা. রায়হান শরীফকে ২১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৮ মে) দুপুরে সিরাজগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক ও জেলা ও দায়রা জজ মো. ইকবাল হোসেন জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রফিক সরকার।

দণ্ডপ্রাপ্ত ডা. রায়হান শরীফ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক ছিলেন। আদালত অস্ত্র আইনের ১৯(এ) ধারায় তাকে ১৪ বছর এবং ১৯(এফ) ধারায় আরও ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

রায়ের পর্যবেক্ষণে আদালত উল্লেখ করেন, একজন উচ্চশিক্ষিত শিক্ষক হয়েও রায়হান শরীফ বেআইনিভাবে দুটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ গুলি, ম্যাগাজিন ও ধারালো অস্ত্র নিজের হেফাজতে রেখেছিলেন। তিনি নিয়মিত এসব অস্ত্র কর্মস্থলেও বহন করতেন এবং এরই ধারাবাহিকতায় নিরীহ শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে গুলি করেন।

আদালত আরও পর্যবেক্ষণ করেন, ছাত্রজীবন থেকেই তিনি সশস্ত্র ক্যাডার রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং সরকারি চাকরিতে যোগ দেওয়ার পরও সেই কর্মকাণ্ড অব্যাহত রাখেন।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৪ মার্চ মেডিকেল কলেজের একাডেমিক ভবনের চতুর্থ তলায় ক্লাস চলাকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ডা. রায়হান শরীফ শিক্ষার্থী আরাফাত আমিন তমালের পায়ে গুলি করেন। এতে তমাল গুরুতর আহত হন এবং ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

ঘটনার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে রায়হান শরীফকে আটক করে। এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ৮১ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন ও দুটি অত্যাধুনিক ছোরা উদ্ধার করা হয়।

এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়াদুদ আলী বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ এ রায় প্রদান করেন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন