ঢাকা   সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামে ৭ দিন ট্রাক-লরি চলাচল বন্ধের নির্দেশ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৮ মে ২০২৬, ১০:২০ পিএম

ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামে ৭ দিন ট্রাক-লরি চলাচল বন্ধের নির্দেশ

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত মোট সাতদিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সোমবার (১৮ মে) সকালে চট্টগ্রামের দামপাড়ায় সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ঈদুল আজহা উপলক্ষে সড়ক নিরাপত্তাবিষয়ক বিশেষ সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।

সভায় সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন যানবাহন চলাচল এবং লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় সিদ্ধান্ত হয়, ঈদের আগে ও পরে মোট সাত দিন (২৫ মে থেকে ৩১ মে) পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে কোরবানির পশুবাহী যানবাহন, নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধ, বন্দরের মালামাল ও তৈরি পোশাক পরিবহনকারী যানবাহন এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

যাত্রী নিরাপত্তা ও সুশৃঙ্খল যান চলাচল নিশ্চিত করতে নগরের দামপাড়া, অলংকার মোড়, একে খান, ইপিজেড, বন্দর এলাকা, কাঠগড়, অক্সিজেন মোড়, বহদ্দারহাট, শাহ আমানত সেতু এলাকা এবং কদমতলী টার্মিনালসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ নজরদারি ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করার কথাও জানানো হয় সভায়।

এছাড়া ফিটনেসবিহীন ও লক্কর-ঝক্কর যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করা, পণ্যবাহী গাড়িতে যাত্রী পরিবহন ঠেকানো এবং মহাসড়কে নির্ধারিত গতিসীমা কঠোরভাবে মানা নিশ্চিত করার বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ সময় সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, উপ-পুলিশ কমিশনার নেছার উদ্দিন আহমেদ, নিষ্কৃতি চাকমা, মোহাম্মদ লিয়াকত আলী খান, মো. রইছ উদ্দিন, কবীর আহম্মেদ, মো. আলমগীর হোসেন ও মো. আমিরুল ইসলামসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!