ঝিনাইদহে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ডিম ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে। আর জেলা বিএনপি নেতাদের হস্তক্ষেপে নিরাপদে থানা থেকে বের হয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
শুক্রবার রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে এ মামলা দায়ের করেন। এছাড়াও এ মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১১০-১১৫ জনকে।
মামলায় প্রধান আসামি করা হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদকে। এছাড়াও জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি এসএম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক সহ-সভাপতি নয়ন হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি মোবারেক হোসেন ইমন, সাবেক যুগ্ম সম্পাদক হাদুসহ ৮ জনের নাম উল্লেখ করা হয় মামলায়।
এজাহারে উল্লেখ করা হয়, শুক্রবার জুমার নামাজ শেষে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারীসহ নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা ঘুষি, ইটপাটকেল, জিআই পাইপ, বেসবল ব্যাট ও ধারালো অস্ত্র নিয়ে হামলা করে বলে অভিযোগ করা হয়।
হামলায় নাসীরুদ্দীন পাটওয়ারী, তানাইম, আসিফ, আলামিন, হাসিবুর রহমান, নাহিয়ান খান নিয়াজ ও অয়ন রহমান খানসহ কয়েকজন আহত হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এছাড়া হামলার সময় একটি ডিএসএলআর ক্যামেরা, কয়েকটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগও আনা হয়েছে। ছিনতাই হওয়া মালামালের মধ্যে একটি সনি আলফা এ৬৪০০ ক্যামেরা, ট্যামরন লেন্স ও মেমোরি কার্ড রয়েছে, যার মূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা বলে দাবি করা হয়েছে।
মামলায় আরও বলা হয়, পরে স্থানীয় এনসিপি নেতাকর্মী ও সাধারণ মানুষ এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। যাওয়ার সময় হামলাকারীরা এনসিপির নেতাকর্মীদের হত্যার হুমকি দেয় বলেও অভিযোগ করা হয়েছে।
এদিকে মামলা দায়ের করে ঝিনাইদহ সদর থানা ত্যাগ করা মুহূর্তে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সদর থানার প্রধান গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা ছাত্রদল নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানায়। এতে থানার ভেতরে অবরুদ্ধ হয়ে পড়ে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ নেতারা। এক পর্যায়ে থানার গেট খুলে ভেতরে ঢোকার চেষ্টা করে বিক্ষোভকারীরা। সেসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বাইরে থেকে ইটপাটকেল ছুঁড়তে থাকে। পরে জেলা বিএনপির নেতারা তাদের শান্ত করে থানার সামনে থেকে সরিয়ে নিলে পুলিশ পাহারায় পাটোয়ারীদের নিরাপদে বের করে দেয়া হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদউজ্জামান বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এনসিপি নেতকর্মীরা ঝিনাইদহ থেকে ঢাকায় গেছেন। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।






