সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে স্থায়ীভাবে প্রশাসনের নিয়ন্ত্রণে আনতে অবকাঠামোগত উন্নয়নে বড় উদ্যোগ নিয়েছে সরকার। উচ্চ পর্যায়ের নির্দেশনায় গত বৃহস্পতিবার থেকে সেখানে সড়ক নির্মাণকাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ কনস্ট্রাকশন ব্রিগেড।
প্রাথমিকভাবে চারটি সড়ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। সোমবার দুপুরে জঙ্গল সলিমপুরে সড়ক নির্মাণ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান ২৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের (ইসিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল আল মাসুদ।
তিনি আরও জানান, ছিন্নমূল এলাকা থেকে আলীনগর উচ্চ বিদ্যালয় পর্যন্ত একটি সড়ক, আলীনগর–টেক্সটাইল হয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত একটি সড়ক, আলীনগর থেকে বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) পাশ দিয়ে ভাটিয়ারী–বালুচড়া লিংক রোড হয়ে চট্টগ্রাম–খাগড়াছড়ি মহাসড়কে সংযুক্ত আরেকটি সড়ক এবং জঙ্গল সলিমপুরের অভ্যন্তরে আরও একটি সড়ক নির্মাণ করা হবে।
দীর্ঘদিন পর্যাপ্ত সড়ক যোগাযোগ না থাকায় জঙ্গল সলিমপুর এলাকা সন্ত্রাসী গোষ্ঠী ও ভূমিদস্যুদের দখলে ছিল বলে অভিযোগ রয়েছে। দুর্গম পাহাড়ি পথের কারণে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান পরিচালনাও ছিল সীমিত।
সংশ্লিষ্টদের মতে, এসব সড়ক নির্মাণ সম্পন্ন হলে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ও নজরদারি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, ফলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা আরও সহজ হবে।
বার্তা বাজার/এস এইচ






