টাঙ্গাইলের মির্জাপুরে ১৮৬ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ অর্থসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার (১০ জুন) সকালে উপজেলার আনাইতারা ইউনিয়নের খাগুটিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার এস.এম মোয়াজ্জেম (৫০) খাগুটিয়া গ্রামের মাইন উদ্দিনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ইন্সপেক্টর মো. সাইফুর রহমান রানার নেতৃত্বে ডিএনসির একটি চৌকস দল খাগুটিয়া গ্রামে মোয়াজ্জেমের নিজ বসতঘরে অভিযান চালায়। অভিযান পরিচালনাকালে ঘর তল্লাশি করে তার হেফাজত থেকে ১৮৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ উনিশ হাজার আটশত টাকা উদ্ধার ও জব্দ করা হয়।
অভিযানের নেতৃত্ব দেওয়া টাঙ্গাইল ডিএনসির ইন্সপেক্টর মো: সাইফুর রহমান রানা গণমাধ্যমকে জানান, গ্রেপ্তারকৃত আসামি ওই এলাকার চিহ্নিত মাদককারবারি। সে দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদকের কারবার চালিয়ে আসছিল। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এই ধরনের অভিযান চলমান থাকবে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বার্তা বাজার/এস এইচ






