ঢাকা   শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ডিমলায় ভুট্টা ব্যবসায়ীর ২০ লাখ টাকা ডাকাতি

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০১:৪১ এএম

ডিমলায় ভুট্টা ব্যবসায়ীর ২০ লাখ টাকা ডাকাতি

নীলফামারীর ডিমলা উপজেলার রংপুর-ডালিয়া মহাসড়কের সোনাখুলী সুইস গেট এলাকায় ফের ডাকাতির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। চারটি মোটরসাইকেলে আসা আট সন্ত্রাসী ভুট্টা ব্যবসায়ী জামিয়ার রহমানকে (৪৫) পথরোধ করে গুরুতর আহত করে তার কাছ থেকে ২০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। জামিয়ার রহমান দুপুরে ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বের হয়ে জলঢাকায় যান। ফেরার পথে সোনাখুলী সুইস গেট এলাকায় সন্ত্রাসীরা তার গতিরোধ করে। তারা তাকে এলোপাথাড়ি মারধর ও নির্যাতন করে নগদ ২০ লাখ টাকা লুট করে নিয়ে যায়। আহত অবস্থায় তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে থাকেন।

জামিয়ার রহমানের ছেলে সজিব (২৫) জানান, রাত ৮টার দিকে ফোনে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন এবং ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তার ভাতিজা সাফিন ইসলাম (২৬) বলেন, “চাচা দীর্ঘদিন ধরে ভুট্টার ব্যবসা করছেন। ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। চারটি মোটরসাইকেলে আটজন ডাকাত এই ডাকাতি করে।”

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত ব্যবসায়ীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। মাত্র তিন মাস আগে, ২৯ মার্চ দিবাগত রাতে একই এলাকায় শতাধিক ট্রাক ও মাইক্রোবাস আটকে চালক-যাত্রীদের কাছ থেকে অন্তত ৩৫টি মোবাইল ফোন ও নগদ ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই হয়। সেই ঘটনার পরও ডিমলা থানা পুলিশের তেমন কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় অপরাধের পুনরাবৃত্তি ঘটছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, পুলিশের নিয়মিত টহল ও আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকার অভাবে ডিমলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন