সিরাজগঞ্জের উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের একটি কক্ষে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ার ঘটনায় তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের সঙ্গে সিভিল সার্জনের ফোনালাপকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
সোমবার (২২ জুন) বিকেলে দেশ টিভির উল্লাপাড়া প্রতিনিধি মো. ময়নুল হোসাইন হাসপাতালটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ার বিষয়ে জানতে সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীনের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় তিনি ঘটনার বিষয়ে প্রশাসনিক কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে জানতে চান।
ফোনালাপের একপর্যায়ে সাংবাদিক সিভিল সার্জনকে ‘ভাই’ বলে সম্বোধন করলে তিনি এতে আপত্তি জানান। সিভিল সার্জন বলেন, জেলা পর্যায়ের একজন কর্মকর্তাকে ‘ভাই’ না বলে ‘মহোদয়’ সম্বোধন করা উচিত।
এ সময় তিনি আরও জানতে চান, হাসপাতালের যে কক্ষে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে সেখানে সাংবাদিককে কে নিয়ে গেছেন। সংশ্লিষ্ট তথ্যদাতার পরিচয় সম্পর্কেও তিনি জানতে আগ্রহ প্রকাশ করেন বলে জানা গেছে। পাশাপাশি অভিযোগের বিষয়ে লিখিত তথ্য নিয়ে অফিসে আসার পরামর্শও দেন তিনি।
ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়।
এ বিষয়ে সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীনের বক্তব্য জানতে সন্ধ্যায় পুনরায় যোগাযোগ করা হলে তিনি সাংবাদিককে অফিসে এসে সরাসরি কথা বলার আহ্বান জানান। সাংবাদিকদের জন্য ‘ভাই’ সম্বোধন না করে ‘মহোদয়’ বলার কোনো বিধান রয়েছে কি না এ প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তিনি ব্যস্ততার কথা উল্লেখ করে ফোনালাপ শেষ করেন।






