আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সোমবার দিবাগত মধ্যরাত থেকে নগরের বিভিন্ন এলাকায় যুবদলের নেতাকর্মীদের অবস্থান নিতে এবং মিছিল-সমাবেশ করতে দেখা গেছে। সকালে ছাত্রদলের নেতাকর্মীরাও বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করবেন বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা যায়, সোমবার রাত দেড়টার দিকে নগরের জিন্দাবাজারসহ বিভিন্ন এলাকায় যুবদলের নেতাকর্মীরা অবস্থান নেন। তারা রাতভর ওইসব এলাকায় অবস্থান করবেন বলে জানান। মহানগর বিএনপির নেতারাও দিনের বিভিন্ন সময়ে কর্মসূচিতে অংশ নেবেন বলে জানিয়েছেন।
সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ বলেন, নেতাকর্মীরা সারারাত রাজপথে অবস্থান করবেন এবং কর্মসূচি চলমান থাকবে।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, সোমবার দিবাগত মধ্যরাত থেকে শুরু হওয়া তাদের কর্মসূচি মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত চলবে। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নগরের বিভিন্ন এলাকায় অবস্থান করবেন।






