ঢাকা   মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ধানমন্ডিতে গণমাধ্যমকর্মীর ওপর হামলা; ছাত্রদলের নিন্দা-প্রতিবাদ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৪:২০ পিএম

ধানমন্ডিতে গণমাধ্যমকর্মীর ওপর হামলা; ছাত্রদলের নিন্দা-প্রতিবাদ

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার (২৩ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ ঘটনার প্রতিবাদ জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে ধানমন্ডি-৩২ এলাকায় দায়িত্ব পালনকালে দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রাব্বী সিদ্দিকী এবং কালবেলার সংবাদকর্মী আব্দুর রহমান ইশানসহ বেশ কয়েকজন গণমাধ্যমকর্মীর ওপর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা হামলা ও লাঞ্ছনা চালান বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ছাত্রদলের দাবি, ঘটনাস্থলে উপস্থিত আরও প্রায় ২০ থেকে ২৫ জন সংবাদকর্মীও ওই হামলা ও হয়রানির শিকার হয়েছেন।

যৌথ বিবৃতিতে ছাত্রদলের দুই শীর্ষ নেতা বলেন, গণমাধ্যমের কণ্ঠরোধ এবং সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন, গণতান্ত্রিক ও সভ্য সমাজের পরিপন্থী। তারা অভিযোগ করেন, বিরোধী দলে থাকা অবস্থায় জামায়াতের নেতাকর্মীরা যেভাবে কর্তব্যরত সাংবাদিকদের ওপর হামলা ও লাঞ্ছনা চালিয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক।

নেতৃদ্বয় আরও বলেন, এই ঘটনা প্রমাণ করে যে সংশ্লিষ্ট গোষ্ঠী ভিন্নমত সহ্য করতে পারে না এবং দেশকে অসহিষ্ণু ও কর্তৃত্ববাদী কাঠামোর দিকে ঠেলে দিতে চায়। পেশাদার সাংবাদিকদের ওপর হামলার মধ্য দিয়ে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি তাদের অবস্থানও স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেন তারা।

বিবৃতিতে ছাত্রদল জানায়, সংগঠনটি সবসময় গণতন্ত্র, মুক্তচিন্তা ও সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। অতীতের মতো ভবিষ্যতেও তারা গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে অবস্থান নেবে এবং যেকোনো উগ্রবাদী ও ফ্যাসিবাদী প্রবণতার বিরুদ্ধে সোচ্চার থাকবে।

ছাত্রদলের নেতৃবৃন্দ ধানমন্ডি-৩২ এলাকায় সাংবাদিকদের ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান। পাশাপাশি আহত সাংবাদিকদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা রক্ষায় সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তারা।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন