কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অপপ্রচার এবং শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিলসহ প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৩ জুন) দিনব্যাপী পৃথক এসব কর্মসূচি পালন করা হয়।
সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে হবিরবাড়ী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান বাসান। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে যেকোনো নৈরাজ্যকর কর্মকাণ্ড মোকাবিলার আহ্বান জানান।
একই দিন বিকেলে উপজেলা যুবদলের উদ্যোগে আরেকটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেলের নেতৃত্বে মিছিলটি ভালুকা সরকারি কলেজ এলাকা থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হন নেতা কর্মীরা।
এতে বক্তব্য দেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল, জেলা যুবদল নেতা আতিক উল্লাহ পাঠান, যুবদল নেতা কামরুজ্জামান তুহীন, আজহারুল ইসলাম সাগর, রুহুল আমিন ও রাজু প্রমুখ।
বক্তারা বলেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা রুখে দিতে যুবদল রাজপথে রয়েছে। তাঁরা অপপ্রচার, সহিংসতা ও অরাজকতার বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানান।
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল বলেন, ‘দেশে অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে যুবদল প্রস্তুত রয়েছে। জাতীয়তাবাদী শক্তির নেতৃত্বে দেশের স্থিতিশীলতা, উন্নয়ন ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় যুবদল কাজ করে যাবে।’
অপরদিকে একই দিন ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে পৃথক বিক্ষোভ মিছিল করেন ভালুকা উপজেলা ছাত্রদল। ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠানের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তি, স্থিতিশীলতা ও সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।






