কুমিল্লা জেলার মুরাদনগরে পূর্ব শত্রুতার জের ধরে রাশিদা বেগম(৪২) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার দুপুরে মুরাদনগর উপজেলার পূর্ব ধইর পশ্চিম ইউনিয়নের মহেশপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ রাশিদা মহেশপুর গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী।
মুরাদনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
জানা যায়, উপজেলার মহেশপুর গ্রামে দীর্ঘদিন ধরে খোরশেদ আলম বিডিআর ও ইউপি সদস্য রহিম সরকার গ্রুপের মাঝে দ্বন্দ্ব চলে আসছিলো। কিছুদিন আগে রহিম সরকার গ্রুপের একজন সদস্য মাওলা সরকারকে রাতের আঁধারে কুপিয়ে হত্যা করা হয়েছে। সেই হত্যা মামলার পলাতক আসামি দেলোয়ার হোসেনের স্ত্রী রাশিদা বেগম (ভিকটিম) তার পালিত গরু গুলো নেয়ার জন্য বৃহস্পতিবার এলাকায় আসেন। তার ৭টি গরু একটি পিক-আপে করে নিয়ে যাওয়ার সময় রহিম মেম্বার গ্রুপের সদস্য সামাদ, রশিদ, শিরিনা সহ ১৫/২০ জনের সন্ত্রাসী দল তার গাড়ীর গতিরোধ করে তাকে গাড়ী থেকে নামিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। এসময় তার দুই মেয়ে তাকে বাঁচাতে এগিয়ে এলে তাদেরকেও মারধর করা হয়। পরে পুলিশের সহায়তায় রাশিদা বেগমকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের মামা সালাউদ্দিন বলেন, পূর্ব শত্রুতার কারনে আমার ভাগনিকে পিটিয়ে হত্যা করেছে। তার দুই মেয়ে তাকে বাঁচাতে গেলে তাদেরকেও মারধর করে আহত করেছে।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সফিউল আলম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।






