ঢাকা   শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মাদকের ভয়াবহ ছোবলে অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে: ভূমিমন্ত্রী মিনু

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৪:০৯ পিএম

মাদকের ভয়াবহ ছোবলে অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে: ভূমিমন্ত্রী মিনু

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এমপি বলেছেন, মাদকের ভয়াবহ ছোবলে অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে। অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। মাদক কারবারিরা দেশ, জাতি ও সমাজের শত্রু। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

শুক্রবার (২৬ জুন) বেলা ১১টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, রাজশাহী অঞ্চলে সীমান্ত দিয়ে মাদক প্রবেশ করে। এই ব্যবসার সঙ্গে জড়িত অনেকেই অবৈধভাবে বিপুল সম্পদের মালিক হয়েছেন। শুধু মাদক বহনকারীদের নয়, মাদক ব্যবসার সঙ্গে জড়িত মূল হোতাদেরও আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি তারা যাতে দ্রুত জামিন পেয়ে আবার অপরাধে জড়াতে না পারে, সে বিষয়েও গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়। সমাজের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং মাদক কারবারিদের সামাজিকভাবে বয়কট করতে হবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর অভিযান পরিচালনা করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট সব সংস্থাকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

ভূমিমন্ত্রী বলেন, একসময় এসিড-সন্ত্রাসও ভয়াবহ সামাজিক সমস্যা ছিল। সম্মিলিত প্রচেষ্টায় যেমন এসিড-সন্ত্রাস অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে, তেমনি সবাই একসঙ্গে কাজ করলে মাদকমুক্ত সমাজও গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির, রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন