চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানা এলাকার বহুল আলোচিত বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আশফাক কবির সাজিদ হত্যা মামলার অন্যতম সন্দেহভাজন ও পলাতক আসামি ইশতিয়াক (২২)-কে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
শনিবার (২৭ জুন) বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন।
তিনি জানান, গতকাল শুক্রবার রাতে চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন শিলক মিনাগাজির টিলা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইশতিয়াক চট্টগ্রাম নগরীর চকবাজার থানার ডিসি রোড (শিশু কবরস্থান) এলাকার ইদ্রিসের ছেলে।
মামলার এজাহার ও র্যাব সূত্র জানায়, গত ১২ এপ্রিল বিকেলে কলেজছাত্র আশফাক কবির সাজিদকে তার এক বন্ধু মুঠোফোনে কল করে চকবাজারের বৌ-বাজার রাস্তার মুখে ডেকে নেয়। সেখানে পৌঁছালে কিশোর গ্যাংয়ের আইমন, অনিক, রানা, মাইকেল, ইলিয়াস, এনায়েত উল্লাহ এবং মিসকাতুল কায়েসসহ একদল দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
অপরাধীদের হাত থেকে নিজের প্রাণ বাঁচাতে সাজিদ দৌঁড়ে পাশের একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নেন এবং ভেতর থেকে প্রধান ফটক বন্ধ করে দেন। তবে হামলাকারীরা ভবনের নিরাপত্তাকর্মীকে ভুল বুঝিয়ে গেট খোল করায় এবং আটতলায় উঠে সাজিদকে নির্মমভাবে মারধর করে। একপর্যায়ে তাকে আটতলা থেকে লিফটের ফাঁকা গর্তে ফেলে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই নৃশংস হত্যাকাণ্ডের পর নিহতের বাবা বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামি ইশতিয়াক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট চকবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।






