ঢাকা   মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৭:১৭ পিএম

রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

নাগরিক সেবার মানোন্নয়ন, বাস্তবসম্মত আয়-ব্যয়ের সমন্বয় এবং টেকসই নগর উন্নয়নের লক্ষ্য নিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৯ কোটি ৬৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে রাজশাহী সিটি কর্পোরেশনের অ্যানেক্স ভবনে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত এবং ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

সংবাদ সম্মেলনে প্রশাসক জানান, নাগরিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য রেখে নতুন অর্থবছরের জন্য ১ হাজার ৯ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৬৫ টাকা ৮১ পয়সার প্রস্তাবিত বাজেট প্রণয়ন করা হয়েছে। আয় ও ব্যয় সমপরিমাণ ধরেই এই বাস্তবসম্মত বাজেট নির্ধারণ করা হয়েছে।

এ সময় আগের অর্থবছরের আর্থিক চিত্র তুলে ধরে তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৮০৬ কোটি ৬১ লাখ ২১ হাজার ২১১ টাকা ৩৬ পয়সা। সংশোধিত বাজেটে তা বেড়ে দাঁড়িয়েছে ৯৩৪ কোটি ৫২ লাখ ৮০ হাজার ৪২৩ টাকা ৪৯ পয়সায়।

আগামী দিনে নাগরিক সুযোগ-সুবিধার প্রতি লক্ষ্য রেখে সম্পূর্ণ বাস্তবতার নিরিখে নতুন অর্থবছরের বাজেট প্রণয়ন করা হয়েছে উল্লেখ করে প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, “জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে এই বাজেট সফলভাবে বাস্তবায়ন করা হবে।”

একই সঙ্গে একটি পরিচ্ছন্ন, আধুনিক, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ ও বাসযোগ্য রাজশাহী নগরী গড়ে তুলতে নগরবাসীসহ সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন