সিরাজগঞ্জ সদর উপজেলার হোসেনপুর এলাকায় একটি বেকারি কারখানায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, কেক ও পাউরুটি উৎপাদনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৭ জুলাই) বেলা ১১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ। অভিযানের সময় সদর উপজেলার হোসেনপুর এলাকায় অবস্থিত মেসার্স রিফাত বেকারি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, কেক ও পাউরুটি উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী বেকারির মালিক মো. রাজিব শেখকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতিও তদারকি করা হয়।
অভিযানে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।






