ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক মহেশ রোডের ক্ষতিগ্রস্ত অংশ সরেজমিনে পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান।
পরিদর্শনকালে তিনি সড়কের বিভিন্ন ক্ষতিগ্রস্ত অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য নেন। পরে দ্রুত সংস্কারকাজ শুরু করে জনদুর্ভোগ কমাতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় সংসদ সদস্য বলেন, টানা ভারী বৃষ্টিপাতের কারণে মহেশ রোডের কয়েকটি অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র পর্যবেক্ষণ এবং দ্রুত সংস্কারকাজ নিশ্চিত করতেই তিনি সরেজমিনে পরিদর্শনে এসেছেন।
তিনি আশা প্রকাশ করে বলেন, দ্রুত সংস্কারকাজ সম্পন্ন হলে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হবে। এতে নবীনগরসহ আশপাশের এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন হবে এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।






