কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ৫ মাস আগে মারা যাওয়া এক ব্যক্তির নাম ইউনিয়ন বিএনপির নবঘোষিত কমিটিতে অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর জেলাজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) রামখানা ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে আলোচনা শুরু হয়। একই কমিটিতে জামায়াতে ইসলামী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করার অভিযোগ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।
স্থানীয় সূত্র জানায়, সোমবার (২০ জুলাই) উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা ও সদস্যসচিব মোখলেছুর রহমান স্বাক্ষরিত রামখানা ইউনিয়ন বিএনপির কমিটি প্রকাশ করা হয়। এতে ১৮ নম্বর সদস্য হিসেবে রামখানা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাখারগঞ্জ এলাকার বাসিন্দা প্রয়াত আফাজ উদ্দিনের নাম রাখা হয়।
স্থানীয় নেতাকর্মীরা জানান, আফাজ উদ্দিন ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ছিলেন। তিনি চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি মারা যান। তার জানাজায় উপজেলা বিএনপিসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নিয়েছিলেন। অথচ প্রায় পাঁচ মাস পর প্রকাশিত কমিটিতে তার নাম অন্তর্ভুক্ত করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তাদের অভিযোগ, শুধু মৃত ব্যক্তির নামই নয়, কমিটিতে জামায়াতে ইসলামী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদেরও রাখা হয়েছে। এছাড়া গত ১৭ বছরে বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন না, এমন অনেককেও পদ দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।
বিষয়টি সামনে আনেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান। তিনি ফেসবুকে আফাজ উদ্দিনের কবর জিয়ারতের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজার নেতৃত্বে রামখানা ইউনিয়ন বিএনপি ও যুবদলের নেতারা তার কবর জিয়ারত ও দোয়া করেছিলেন।’
আফাজ উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম বলেন, ‘আমার স্বামী প্রায় পাঁচ মাস আগে মারা গেছেন। মৃত্যুর পরদিন বিএনপির নেতারা কবর জিয়ারত ও দোয়া করতে এসেছিলেন।’
এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
নবগঠিত কমিটির আহ্বায়ক সবুর উদ্দিনের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। সদস্য সচিব হাশেম আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার কথা বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
তবে কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, ‘প্রয়াত আফাজ উদ্দিনকে যদি কমিটিতে রাখা হয়ে থাকে, সেটি অনাকাঙ্ক্ষিত। বিষয়টি দ্রুত যাচাই করে ভুল সংশোধনের নির্দেশনা দেওয়া হবে।’





