ঢাকা   শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রতিমন্ত্রীকে নিয়ে ভুয়া ভিডিও ছড়িয়ে সম্প্রীতি নষ্টের অপচেষ্টা, অভিযোগ সনাতনীদের

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৬:০৫ পিএম

প্রতিমন্ত্রীকে নিয়ে ভুয়া ভিডিও ছড়িয়ে সম্প্রীতি নষ্টের অপচেষ্টা, অভিযোগ সনাতনীদের

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি, বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন পঞ্চগড় জেলার সচেতন সনাতন ধর্মাবলম্বীরা।

শনিবার (১ আগস্ট) দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে। এর মাধ্যমে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি সনাতনী সম্প্রদায়ের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ও পারস্পরিক আস্থার জায়গায় বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সনাতনী সম্প্রদায়ের প্রতিনিধি হরিশ চন্দ্র রায়। তিনি বলেন, গত কয়েক দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া ভিডিওটি সম্পূর্ণ বানোয়াট। এর মাধ্যমে প্রতিমন্ত্রীকে ঘিরে বিভ্রান্তি তৈরি এবং সনাতনী সম্প্রদায়কে ইচ্ছাকৃতভাবে বিতর্কের মধ্যে টেনে আনার চেষ্টা হয়েছে।

হরিশ চন্দ্র রায় বলেন, ফরহাদ হোসেন আজাদের সঙ্গে সনাতনী সম্প্রদায়ের দীর্ঘদিনের আন্তরিক সম্পর্ক রয়েছে। বিভিন্ন সময়ে অসাম্প্রদায়িক অবস্থান ও সম্প্রীতির পক্ষে তার বক্তব্য দেশের বিভিন্ন স্থানে সনাতনী সমাজের প্রশংসা পেয়েছে। সেই বিশ্বাসের জায়গায় আঘাত হানতেই একটি চক্র পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে তাদের অভিযোগ।

তিনি আরও বলেন, আগের দিন এক সংবাদ সম্মেলনে রাহেমীন মারিয়া এলিন দাবি করেছেন, ভাইরাল ভিডিওতে দেখানো মুখটি তার হলেও বাস্তবে এমন কোনো ভিডিওর অস্তিত্ব নেই। তার ভাষ্য অনুযায়ী, ভিডিওটি কৃত্রিমভাবে তৈরি করে প্রচার করা হয়েছে। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যম ও তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানের প্রকাশিত কিছু ভাষ্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার অভিযোগ, কিছু প্রতিবেদনে ব্যবহৃত শব্দচয়ন সনাতনী সম্প্রদায়কে অপ্রয়োজনীয়ভাবে ইঙ্গিত করেছে, যা বিভ্রান্তির জন্ম দিতে পারে।

সংবাদ সম্মেলনে তারা এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও কৃত্রিমভাবে তৈরি কোনো তথ্য বা ভিডিও প্রচারের আগে যথাযথ যাচাই-বাছাই করার আহ্বান জানান।

এর আগে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন সনাতনী সম্প্রদায়ের সদস্যরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন