ঢাকা   রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘আপনাদের পরিবারের লাশ রাস্তায় পড়ে থাকবে’, চাঁদা দাবি ও হত্যার হুমকি দিয়ে সেভেন স্টারের চিঠি

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১০:৪৫ পিএম

‘আপনাদের পরিবারের লাশ রাস্তায় পড়ে থাকবে’, চাঁদা দাবি ও হত্যার হুমকি দিয়ে সেভেন স্টারের চিঠি

নাটোরের লালপুরে বাকনাই গ্রামের পালপাড়ায় কয়েকটি পরিবারকে এক চিঠির মাধ্যমে ২০ হাজার টাকা করে চাঁদা দাবি করেছে সেভেন স্টার নামে কথিত একটি দুর্বৃত্তদের দল। টাকা না দিলে পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয় চিরকুটে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার (২ আগস্ট) ঘটনাটি প্রকাশ্যে আসার পরপরই তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি স্থানীয় বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা আতঙ্কিত পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করে তাদের নিরাপত্তা ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

জানা গেছে, শনিবার (১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার লালপুর ইউনিয়নের বাকনাই (পালপাড়া) গ্রামের স্বর্গীয় বৈদ্যনাথ পালের ছেলে নারায়ণ কুমার পালের বাড়ির বারান্দায় অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা একটি হুমকিমূলক চিঠি রেখে যায়। রাত প্রায় ১১টার দিকে নারায়ণ পালের ছেলে অরুণ কুমার পাল চিঠিটি দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে পুরো পালপাড়ার হিন্দু পরিবারগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সেভেন স্টার কর্তৃপক্ষ নাম দিয়ে ওই চিঠিতে বলা হয়েছে, ‘সেভেন স্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের বাড়িতে একটি চিঠি দিলাম আশা করি কোন বিকল্প চিন্তা করবেন না। মনে রাখবেন জীবন গেলে আপনাদের পরিবারের ভালো মনে ২০,০০০ দিয়ে দিবেন। কোন মানুষকে জানাবেন না যদি কেউ জানতে পারে তাহলে আপনাদের পরিবারের লাশ রাস্তায় পড়ে থাকবে। সব হিন্দু ধর্ম ও পরিবারকে ২০ হাজার করে টাকা দিতে হবে অনেক পরিবার আছে চিঠি পায়নি তারা মনে করে টাকা দিয়ে দিবেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে টাকা দিতে হবে যদি টাকা দিতে না পারেন তাহলে সময় খুব খারাপ যাবে। সব হিন্দু ধর্ম পরিবারের জন্য চিঠিটা দেওয়া হলো এই চিঠি যে পাবেন সবাইকে বলে দিবেন আপনাদের হিন্দু ধর্ম মধ্যে। আপনাদের পরিবার ভালো রাখার জন্য সেভেন স্টার আপনাদের সব সময় পাশে থাকবে ধন্যবাদ। সেভেন স্টার কর্তৃপক্ষ।’

নারায়ণ কুমার পাল বলেন, ঘটনার পর থেকে আমরা কিছুটা উদ্বেগের মধ্যে রয়েছেন। তিনি এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন।

ঘটনার পর আতঙ্কিত পরিবারগুলোর খোঁজখবর নেন উপজেলা বিএনপির নেতারা। উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু বলেন, মুঠোফোনে হুমকির শিকার পরিবারগুলোর সঙ্গে কথা বলে তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, লালপুরে সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। বিএনপি ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ধরনের ঘটনা ঘটিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল কালাম আজাদ বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। তাদের পাশে থাকা এবং প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। খুব শিগ্‌গিরই তারা আতঙ্কিত পরিবারগুলোর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন।

এদিকে, সেভেন স্টারের দেওয়া হুমকিপত্রে উল্লেখ করা বিকাশ নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি রিসিভ করেনি কেউ।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ লালপুর উপজেলা শাখার সভাপতি দীপেন্দ্রনাথ সাহা বলেন, সেভেন স্টার নামক একটি গ্রুপ বাকনা পালপাড়ায় নারায়ণ পালের বাড়িতে চাঁদা দাবি ও হত্যার হুমকি দিয়ে একটি চিঠি দেয়।

তিনি আরও বলেন, বিষয়টি খুবই উদ্বেগ ও আতঙ্কের। ঘটনাটি জানার পর পরই উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে জানানো হয়েছে। এব্যাপারে সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাই।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হুমকি পত্রের উৎস শনাক্ত এবং জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। পাশাপাশি এলাকায় অতিরিক্ত নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন