গোপালগঞ্জের কোটালীপাড়ায় আট ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কামাল হোসেন শেখ। জানাজা শেষে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র কামাল হোসেন শেখকে আবার কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বিকালে কাশিমপুর কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে রাত ১১টার দিকে কোটালীপাড়া পৌর ভবন মাঠে পিতার জানাজায় অংশ নেন তিনি।
জানা গেছে, কামাল হোসেন শেখের পিতা বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান (৯৭) শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বার্ধক্যজনিত কারণে পৌরসভার নিজ বাসায় মারা যান। শেখ লুৎফর রহমান পৌর আওয়ামী লীগের সভাপতি ও কোটালীপাড়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার ছিলেন।
বাবার জানাজায় অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে কামাল হোসেন শেখকে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। পরে কারা কর্তৃপক্ষ তাকে আট ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেয়।
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশের একটি প্রিজন ভ্যানে কামাল হোসেন শেখকে কোটালীপাড়ায় নিয়ে আসা হয়। প্রিজন ভ্যান থেকে নেমে পিতার লাশ দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন।
কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, কোটালীপাড়া পৌরসভার সাবেক মেয়র কামাল হোসেন শেখের বিরুদ্ধে ঢাকা ও গোপালগঞ্জে মামলা রয়েছে। এসব মামলায় তিনি বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছেন। পিতার মৃত্যুর কারণে তাকে আট ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। মুক্তি পেয়ে কামাল হোসেন শেখ কোটালীপাড়ায় এসে পিতার জানাজায় অংশ নেন। জানাজা শেষে তাকে আবার কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।






