দেশজুড়ে হামের বিস্তার যেন থাকছেই না। রোগটির প্রতিক্রিয়ায় প্রতিনিয়ত ঝরে যাচ্ছে শিশুদের তাজা প্রাণ। একই সঙ্গে হাসপাতালে ভিড় জমাচ্ছে হাজার হাজার রোগী। সবশেষ গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সারাদেশে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। যার প্রেক্ষিতে ৬ জন মা তাঁদের সন্তান হারিয়ে কোল খালি করেছেন। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৩ জন।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৭৭৫ শিশু। নিশ্চিত হামে মৃত্যু ৯৮ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৮৭৩ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ৭৫ জন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৭ হাজার ১১৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৯৮৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৩২০ জন।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৮ হাজার ৩৮২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ১৪ হাজার ১৪২ জন।






