যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে ইউছুফ রাজু (৪৪) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
জানা গেছে, তাঁর বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কংশনগর গ্রামে। এ ঘটনায় আরও এক বাংলাদেশি আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাউনসভিলের ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা’ নামের একটি প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে।
নিহতের স্ত্রী ও পরিবারের সদস্যরা ইউছুফ রাজুর মরদেহ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন।
নিহত ইউছুফ রাজু কংশনগর গ্রামের পাইকের বাড়ির মোহাম্মদ উল্যার ছেলে। তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তাঁর দুই মেয়ে রয়েছে।
নিহতের ছোট ভাই আপন জানান, ইউছুফ রাজু আগে কাতারে ছিলেন। পরে দেশে ফিরে পরিবারের স্বচ্ছলতার আশায় প্রায় দুই বছর ১০ মাস আগে এলাকার এক ব্যক্তির মাধ্যমে নিউইয়র্কে যান। সেখানে একটি রেস্তোরাঁয় কাজ করতেন তিনি। প্রতিদিন পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলতেন।
আপন বলেন, রোববার সকালে নিউইয়র্কে এলাকারই এক যুবক তাঁদের ফোন করে জানান, শনিবার রাতে রাজু যে রেস্তোরাঁয় কাজ করতেন, সেখানে একদল বন্দুকধারী ঢুকে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে রাজুসহ কয়েকজন গুলিবিদ্ধ হন। রাজুর বুকে এবং অপর এক বাংলাদেশির পায়ে গুলি লাগে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাজুর মৃত্যু হয়।
এআর






