রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, থানায় কোনো ভুক্তভোগী সেবা নিতে এলে তার কথা গুরুত্বসহকারে শুনতে হবে এবং প্রয়োজনীয় আইনগত সহায়তা দিতে হবে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানিমূলক মামলার শিকার না হন এবং বিশেষ করে রাজনৈতিক কারণে কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
আজ সোমবার বদরগঞ্জ জোনাল অফিস এবং সকাল ১১টার দিকে বদরগঞ্জ থানা পরিদর্শনে তিনি এসব কথা বলেন।
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর বদরগঞ্জ জোনাল অফিস পরিদর্শনকালে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিত হন এবং মতবিনিময় করেন। এ সময় বিদ্যুৎ সরবরাহ, লোডশেডিং ও সেবা নিয়ে সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগের বিষয় তুলে ধরেন তিনি। গ্রাহকদের আরও সুন্দর ও মানসম্মত সেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান। এ সময় বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা তাঁদের বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরেন এবং গ্রাহকদের আরও ভালো সেবা প্রদানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান।






