ঢাকা   শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চট্টগ্রামে ব্যাটারির দোকানে চুরি, ঢাকায় অভিযানে চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১০:৪৪ পিএম

চট্টগ্রামে ব্যাটারির দোকানে চুরি, ঢাকায় অভিযানে চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে ডবলমুরিং থানা এলাকায় একটি ব্যাটারি ও আইপিএসের দোকানে চুরির ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের চার সদস্যকে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া ৩২টি আইপিএস ও বিভিন্ন মডেলের ৩৭টি ব্যাটারি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৯ আগস্ট রাতে আগ্রাবাদ হাজীপাড়া এক্সেস রোডের ‘হাজী ব্যাটারী হাউস’ নামের দোকানটি বন্ধ করে বাসায় যান ব্যবসায়ী মো. শামীম হোসেন (২৯)। পরদিন ভোরে পাশের একটি ব্যাংকের নিরাপত্তাকর্মী তাকে ফোন করে জানান, দোকানের তালা, শাটার ও গ্লাস ভেঙে মালামাল চুরি করা হয়েছে।

খবর পেয়ে দোকানে গিয়ে শামীম হোসেন দেখতে পান, দোকানের ভেতরে থাকা বিভিন্ন কোম্পানির নতুন ও পুরোনো ৬৩টি ব্যাটারি এবং ৩২টি আইপিএস চুরি হয়েছে। চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য ১৫ লাখ ৬০ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় তিনি ডবলমুরিং থানায় মামলা করেন।

মামলার তদন্তে ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ শাহীনূর আলম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফ ফয়সলের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়। দলটি প্রায় ১ হাজার ৭০০টি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এবং গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের বাইরে অভিযান পরিচালনা করে।

পুলিশের অভিযানে গত ২৮ আগস্ট ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার বনানী থানাধীন কড়াইল বস্তি এলাকা থেকে মো. ফরিদ (২৭) ও মো. ফয়সাল (২৭) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বেলা ১১টার দিকে গুলশান মডেল থানাধীন ২৪ নম্বর রোড এলাকা থেকে মো. সোহাগ (৪১) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশের সহায়তায় দুপুর আড়াইটার দিকে কাঁচপুর এলাকা থেকে মো. শাহীন আলম (৪৮) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, শাহীন আলমের দেখানো মতে তার গোডাউন থেকে বিভিন্ন কোম্পানির ৩২টি আইপিএস ও ২৪টি ব্যাটারি উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ১৩টি ব্যাটারি উদ্ধার করা হয়।

সব মিলিয়ে পুলিশের অভিযানে চুরি যাওয়া ৩২টি আইপিএস ও ৩৭টি ব্যাটারি উদ্ধার করা হয়েছে।

ডবলমুরিং থানা পুলিশ জানিয়েছে, চক্রটির সঙ্গে জড়িত আরও অজ্ঞাতনামা ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং চুরি যাওয়া অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন