তৈরি পোশাক খাতের পেশাজীবীদের নিয়ে গঠিত সংগঠন মুরাদনগর আরএমজি প্রফেশনালস (এমআরপি)-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) ঢাকার গুলশান নর্থ ক্লাব লিমিটেডে এ আয়োজন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমআরপি-র প্রধান উপদেষ্টা, শাহ গ্রুপ ও টিএএস গ্রুপের চেয়ারম্যান কে. এম. মজিবুল হক। তিনি তার বক্তব্যে সম্মিলিত উদ্যোগ, পেশাজীবীদের নেটওয়ার্কিং এবং উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশি পোশাক শিল্পকে বৈশ্বিক বাজারে আরও প্রতিযোগিতামূলক করার আহ্বান জানান।
এ সময় ১১০ জন সদস্য ও অতিথি অনুষ্ঠানে যোগ দেন। এর মধ্যে ছিলেন— কাজী শাহ মুজাক্কের আহমদুল হক, অনারারি কনসাল (ক্রোয়েশিয়া), মো. মনিরুল আলম, যুগ্মসচিব (গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়), খন্দকার নুরুল হক, যুগ্মসচিব (বাংলাদেশ ব্রিজ অথরিটি), লে. কর্নেল (অব.) জহিরুল হক, নির্বাহী পরিচালক (ওরিয়ন সিকিউরিটি সার্ভিসেস), মো. ইকবাল বাহার, ব্যবস্থাপনা পরিচালক (ফ্রিডম নিটওয়্যার লিমিটেড), নাছির উদ্দিন পাটোয়ারী, সম্পাদক ও প্রকাশক (বার্তা বাজার), মো. মাহমুদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক (বেস্ট ফ্যাশন ওয়্যার লিমিটেড) সহ আরও অনেকে।
প্রতিষ্ঠাতা সদস্য নূর মোহাম্মদ, মো. আবু সায়েদ (আরজু), মুহাম্মদ মিজানুর রহমান, সামিউল বাসির, মো. আব্দুর রহমান মারুফ, মো. সাইয়েম আহমেদ ও মো. ফয়সাল আহমেদ তাদের সম্ভাব্য আগামীর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। তারা বলেন, এই প্ল্যাটফর্ম শুধু মুরাদনগরের পোশাক খাতের পেশাজীবীদের একত্র করবে না, বরং জাতীয় অর্থনীতির অন্যতম ভিত্তি তৈরি পোশাক শিল্পের সার্বিক উন্নয়নেও ভূমিকা রাখবে।
অনুষ্ঠান পরিচালনা করেন মো. আরিফুল ইসলাম। কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ আয়োজনের সমাপ্তি ঘটে এমআরপি-র পক্ষ থেকে মো. বারকাত উল্লাহর সমাপনী বক্তব্য ও নৈশ্যভোজের মাধ্যমে। এ সময় অংশগ্রহণকারীরা ভবিষ্যৎ উন্নয়ন ও নতুন সুযোগ সৃষ্টি করতে সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।





