নিবন্ধনের প্রস্তুতিতে জাতীয় নাগরিক পার্টি, চালু করলো আর্থিক নীতিমালা ও ক্রাউড ফান্ডিং
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চলতি মাসেই নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক কাগজপত্র জমা দেবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। ৪ জুন, বুধবার বিকেলে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। একইসঙ্গে এনসিপি তাদের আর্থিক নীতিমালা প্রকাশ করে এবং ক্রাউড ফান্ডিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করে।
আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করে নাহিদ ইসলাম বলেন, “দেশ-বিদেশের যে কেউ আমাদের ওয়েবসাইটের মাধ্যমে দলের জন্য অর্থ সহায়তা পাঠাতে পারবেন। প্রতি অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব জনসমক্ষে প্রকাশ করা হবে এবং তা নির্বাচন কমিশনেও দাখিল করা হবে।”
দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “আমরা একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠায় বিশ্বাসী। তাই অর্থ সহায়তা সরাসরি কোনো ব্যক্তিকে না দিয়ে শুধুমাত্র দলীয় অ্যাকাউন্টে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।”
এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জানান, দলীয় আয়-ব্যয়ের হিসাব নিরপেক্ষ তৃতীয় পক্ষ দ্বারা অডিট করানো হবে। তিনি দাবি করেন, এনসিপির আর্থিক বিষয় নিয়ে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
জাতীয় নাগরিক পার্টির এই পদক্ষেপকে দলটি রাজনৈতিক সংস্কৃতির নতুন ধারা হিসেবে দেখছে। দলটি মনে করে, অর্থনৈতিক স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতির ভিত্তিতেই একটি দায়িত্বশীল গণতান্ত্রিক দল গড়ে তোলা সম্ভব।
এনসিপির ওয়েবসাইটে শিগগিরই অনলাইন অর্থ সহায়তা প্রদানের পূর্ণাঙ্গ প্রক্রিয়া চালু করা হবে বলে জানানো হয়।






