ঢাকা   রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

২০২৬ বিশ্বকাপে থাকতে চান মেসি, তবে…

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১১:৩২ এএম

২০২৬ বিশ্বকাপে থাকতে চান মেসি, তবে…

আগামী ফিফা বিশ্বকাপে অনেক দিন ধরেই নিজের খেলার ইচ্ছার কথা জানিয়ে আসছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার লক্ষ্যেই প্রস্তুতিটা নিয়ে রাখছেন তিনি। যদিও চূড়ান্তভাবে নিজের খেলা নিয়ে এখনও পরিষ্কার কিছু জানাননি। ইন্টার মায়ামি তারকা জানালেন, আপাতত তিনি একদিন একদিন করে এগোচ্ছেন এবং মাঠে নামবেন কেবল তখনই, যখন শতভাগ ফিট থাকবেন এবং দলের জন্য কার্যকর অবদান রাখতে পারবেন।

সোমবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেছেন,‘সত্যি বলতে, বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া অসাধারণ একটা বিষয়। আমি অবশ্যই সেখানে থাকতে চাই—ভালো লাগবে যদি শারীরিকভাবে ভালো থাকি এবং আমার জাতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি।’

তিনি আরও বলেছেন, ‘আগামী বছর ইন্টার মায়ামির সঙ্গে প্রাক-মৌসুম প্রস্তুতি শুরুর পর প্রতিদিন দেখে বুঝবো আমি আসলেই শতভাগ ফিট কি না। এটা নিয়ে আমি খুব আগ্রহী, কারণ এটা তো বিশ্বকাপ। আমরা শেষ বিশ্বকাপটা জিতেছি, আর আবারও সেটি রক্ষার সুযোগ পাওয়া এক দারুণ অনুভূতি। জাতীয় দলের হয়ে খেলা সবসময়ই এক স্বপ্ন, বিশেষ করে অফিসিয়াল টুর্নামেন্টে। আশা করি, ঈশ্বর চাইলে আবারও সেই সুযোগ পাবো।’

মেসি এর আগেও জানিয়েছিলেন, বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত তিনি সময় করেই নেবেন। গত সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতেও সংবাদমাধ্যমকে বলেছিলেন, দেখা যাবে-সবকিছুই নির্ভর করবে তার শারীরিক অবস্থার ওপর।

ভেনেজুয়েলাকে হারানোর পর এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছিলেন, ‘আমি ভালো থাকার চেষ্টা করছি, আর সবচেয়ে বড় কথা—নিজের সঙ্গে সৎ থাকার চেষ্টা করছি। যখন ভালো লাগছে, তখন খেলাটা উপভোগ করি; কিন্তু যখন ভালো লাগে না, তখন সত্যিই খারাপ সময় কাটে। তাই যদি ভালো না লাগে, তাহলে খেলার পক্ষে নই আমি। এখনও বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নেইনি। মৌসুম শেষ করবো, তারপর প্রাক-মৌসুম শুরু হবে, এরপর ছয় মাস সময় থাকবে। তখন দেখা যাবে কেমন লাগে। আশা করি, ২০২৬ সালের প্রাক-মৌসুমটা ভালোভাবে শুরু করতে পারবো, এমএলএস মৌসুমটাও ভালোভাবে শেষ করবো, তারপরই সিদ্ধান্ত নেবো।’

২০২৫ মৌসুমজুড়ে ইন্টার মায়ামির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মেসি। এমএলএস, লিগস কাপ, কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ ও ক্লাব বিশ্বকাপ—সব প্রতিযোগিতাতেই দলের মূল ভরসার জায়গা ছিলেন তিনি। এবারে ২৮ ম্যাচে ২৯ গোল করে জিতেছেন প্রথম এমএলএস গোল্ডেন বুট।

এছাড়া, ইন্টার মায়ামির হয়ে অবদানের জন্য ২০২৫ এমএলএস এমভিপি পুরস্কারের চূড়ান্ত মনোনয়নেও আছেন তিনি। যদি জেতেন, তাহলে তিনিই হবেন টানা দুই মৌসুমে এই পুরস্কার জয়ী প্রথম খেলোয়াড়। সম্প্রতি মায়ামির সঙ্গে তিন বছরের নতুন চুক্তি করেছেন মেসি, যা চলবে ২০২৮ মৌসুম পর্যন্ত।

এনবিসিকে মেসি বলেছেন, ‘আমি সবসময় বলেছি খেলা চালিয়ে যাবো কি না, সেটি নির্ভর করবে প্রতিদিনের অনুভূতি ও আমার শারীরিক ও মানসিক অবস্থার ওপর। এই বছরটা আমার জন্য সত্যিই ভালো কেটেছে। মায়ামিতে সুখে-শান্তিতে কাটাচ্ছি, আমার পরিবারও তাই। ফলে সিদ্ধান্তটা সহজই ছিল।’

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন