ঢাকা   শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পরিস্থিতি আরও গুরুতর, ব্রাজিল শিবিরে দুশ্চিন্তার মেঘ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৮:২০ পিএম

পরিস্থিতি আরও গুরুতর, ব্রাজিল শিবিরে দুশ্চিন্তার মেঘ

পরিস্থিতি আরও গুরুতর, ব্রাজিল শিবিরে দুশ্চিন্তার মেঘ

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আগে চোটের মিছিল যেন থামছেই না। একের পর এক তারকা ফুটবলারের ইনজুরিতে দুশ্চিন্তা বাড়ছে দলগুলোর, আর সেই তালিকায় নতুন করে যুক্ত হতে পারেন এদের মিলিতাও। স্প্যানিশ গণমাধ্যমের খবর, গুরুতর চোটের কারণে অস্ত্রোপচার করতে হতে পারে এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে, যা তাকে ছিটকে দিতে পারে বিশ্বকাপ থেকেও।

রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানিয়েছে, মিলিতাওয়ের বাম পায়ের ‘বাইসেপস ফেমোরিস’ পেশিতে চোট লেগেছে। তবে বিষয়টি যে এর চেয়ে জটিল হতে পারে, এমনটাই দাবি করেছে স্পেনের রেডিও নেটওয়ার্ক কাদেনা কোপে। তাদের মতে, নতুন এই চোটটি আগের ইনজুরির দাগে প্রভাব ফেলেছে, যা পরিস্থিতিকে আরও গুরুতর করে তুলেছে।

 এই পুরোনো ইনজুরির কারণেই আগে প্রায় চার মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল মিলিতাওকে। ফলে এবার অস্ত্রোপচার প্রয়োজন হলে শুধু ক্লাব মৌসুম নয়, বিশ্বকাপ থেকেও ছিটকে পড়ার আশঙ্কা প্রবল হয়ে উঠেছে। এ মুহূর্তে ক্লাবের পক্ষ থেকে অস্ত্রোপচারের বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। তবুও ব্রাজিলে উদ্বেগ বাড়ছে, কারণ জাতীয় দলের পরিকল্পনায় মিলিতাও গুরুত্বপূর্ণ অংশ। বিশ্বকাপের আগে এমন ধাক্কা দলটির রক্ষণভাগে বড় প্রভাব ফেলতে পারে।

 চোটের এই দুর্ভাগ্যজনক পরিস্থিতি ব্রাজিলের জন্য নতুন নয়। এর আগেই দলটি হারিয়েছে রদ্রিগোকে, যিনি গত মার্চে ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট (এসিএল) ও মেনিস্কাসে চোট পান। তার অনুপস্থিতি নিশ্চিত হওয়ায় আক্রমণভাগে ইতোমধ্যেই বড় শূন্যতা তৈরি হয়েছে।

 

এছাড়া তরুণ প্রতিভা এস্তেভাও এর অবস্থাও উদ্বেগজনক। গুরুতর গ্রেড-৪ হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন তিনি, যা তার বিশ্বকাপ সম্ভাবনাকেও অনিশ্চয়তার মধ্যে ফেলেছে।

 

সব মিলিয়ে বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুশ্চিন্তার মেঘ ঘনীভূত হচ্ছে। এখন দেখার বিষয়, মিলিতাও শেষ পর্যন্ত অস্ত্রোপচারের পথে হাঁটেন কিনা। কারণ সেই সিদ্ধান্তই নির্ধারণ করতে পারে, বিশ্বমঞ্চে ব্রাজিলের রক্ষণভাগ কতটা শক্তিশালী থাকবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!