সর্বকালের সেরা একাদশে যাদের নাম
স্পোর্টস ডেস্ক : ক্রীড়া সাংবাদিক পিয়ার্স মরগান আবারও আলোচনায়, আর সেই আলোচনার কেন্দ্রে রয়েছেন লিওনেল মেসি। নিজের সর্বকালের সেরা ফুটবল একাদশ প্রকাশ করে মেসিকে বাইরে রেখেছেন এই ব্রিটিশ সাংবাদিক ও উপস্থাপক।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত সেই একাদশে জায়গা পেয়েছেন ফুটবল ইতিহাসের বহু কিংবদন্তি। তবে সবচেয়ে বড় চমক ছিল মেসির অনুপস্থিতি। এ নিয়ে সমালোচনা শুরু হলে নিজের অবস্থান আরো স্পষ্ট করেন মরগান।
তিনি বলেন, ‘এটা মোটেও অবাক হওয়ার মতো কিছু নয়। মেসি আর্জেন্টিনার ইতিহাসের সেরা খেলোয়াড়ও নন। আমার সর্বকালের সেরা একাদশ তাকে ছাড়াই পরিপূর্ণ।
মরগানের বেছে নেওয়া একাদশে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, দিয়েগো ম্যারাডোনা, জিনেদিন জিদান, রোনালদিনহো ও রোনালদো নাজারিওদের মতো তারকারা।
মেসিকে নিয়ে বিতর্কিত মন্তব্য নতুন নয় মরগানের জন্য। অতীতেও একাধিকবার তিনি ক্রিস্তিয়ানো রোনালদোকে সর্বকালের সেরা বলে দাবি করেছেন এবং মেসিকে নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেছেন।
তবে এবার তার মন্তব্য সামাজিক মাধ্যমে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
অনেকেই মনে করছেন, ফুটবল ইতিহাসের অন্যতম সফল ও প্রভাবশালী খেলোয়াড়কে বাদ দেওয়া শুধুই ব্যক্তিগত পক্ষপাতের বহিঃপ্রকাশ।
অন্যদিকে কিছু সমর্থক আবার বলছেন, সর্বকালের সেরা একাদশ সম্পূর্ণই ব্যক্তিগত পছন্দের বিষয়, তাই ভিন্ন মত থাকতেই পারে।






