রোনালদোর স্বপ্নভঙ্গ
স্পোর্টস ডেস্ক : আরও একটি ফাইনাল হার। শিরোপাখরা কাটছেই না ক্রিশ্চিয়ানো রোনালদোর। পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েও এশিয়ান চ্যাম্পিয়নস লিগ টুর ট্রফি ছুঁতে পারল না আল নাসর। শনিবার (১৬ মে) নিজেদের মাঠ আলাওল পার্কে জাপানের ক্লাব গাম্বা ওসাকার কাছে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে রোনালদোর আল নাসরের।
ফাইনালের একমাত্র গোলটি আসে ২৯ মিনিটে। ১৬ গজ দূর থেকে ডেনিজ হুমেটের নিখুঁত শটে এগিয়ে যায় ওসাকা। সেই গোলই আর শোধ করতে পারেনি আল নাসর। এই জয়ের সুবাদে দ্বিতীয়বারের মতো মহাদেশীয় শিরোপা জিতলো জাপানের ক্লাবটি।
ফাইনালে ৬৭ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল আল নাসর। গোলের উদ্দেশ্যে তারা নেয় ১৭টি শট, যার ৬টি ছিল লক্ষ্যে। কিন্তু বারবার বাধা হয়ে দাঁড়ান ওসাকার তরুণ গোলরক্ষক রুই আরাকি। অন্যদিকে মাত্র ৩টি শট নিয়েই কার্যকর ফুটবল খেলেছে ওসাকা, যার দুটি ছিল লক্ষ্যে।
ফাইনালে শেষ বাঁশি বাজার পর খুঁড়িয়ে মাঠ থেকে বের হয়ে বেঞ্চে বসে পড়েন রোনালদো। শিরোপা হাতছাড়া করে কান্নায় ভেঙে পড়েন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। তার কান্নার মুহূর্ত ধরা পড়ে ক্যামেরায়। এ সময় তাকে এসে সান্ত্বনা দেন সতীর্থরা। তবে অনবরত চোখ দিয়ে পানি ঝড়তে থাকে রোনালদোর।
এই হারের ফলে আল নাসরের জার্সিতে রোনালদোর শিরোপাখরা আরও দীর্ঘ হলো। ২০২৩ সালে সৌদি ক্লাবটিতে যোগ দেওয়ার পর এখনো কোনো বড় শিরপা জিততে পারেননি পর্তুগিজ মহাতারকা।
তবে রোনালদোর সামনে অবশ্য মৌসুম শেষ হওয়ার আগেই সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ আছে। সৌদি প্রো লিগে ৩৩ ম্যাচ শেষে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল নাসর। সমান ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আল হিলাল। শেষ ম্যাচে জিতলেই কোনো সমীকরণ ছাড়াই ট্রফি উঠবে রোনালদোদের হাতে।





