এই খবরে খুশির জোয়ার বয়ে যাচ্ছে আর্জেন্টিনা শিবিরে
স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য এসেছে বড় সুখবর আর এতে বয়ে যাচ্ছে খুশির জোয়ার। দলের অধিনায়ক লিওনেল মেসি জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়ে প্রথম অনুশীলন সম্পন্ন করেছেন।
ইএসপিএন আর্জেন্টিনার তথ্য অনুযায়ী, বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছেন মেসি। দীর্ঘ প্রতীক্ষার পর অনুশীলনে ফেরায় স্বস্তি ফিরেছে আর্জেন্টিনা শিবিরে। এর আগে ইনজুরির সমস্যা থাকায় একা একা অনুশীলন করছিলেন তিনি। এবার দলের সঙ্গে যোগ দিয়ে অনুশীলন করলেন আর্জেন্টিইন তারকা।
উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে আর্জেন্টিনা খেলবে গ্রুপ ‘জে’-তে। সেখানে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান।
মেসির জন্য এটি হবে ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। একই কীর্তি গড়তে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদোও। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড বর্তমানে মেসির দখলে। তিনি ইতোমধ্যে ২৬টি বিশ্বকাপ ম্যাচ খেলেছেন।
২০২২ সালে কাতারে বিশ্বকাপ জয়ের মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়েছিল আর্জেন্টিনা। এবার লক্ষ্য শিরোপা ধরে রাখা। সেই মিশনে দলের সবচেয়ে বড় ভরসা মেসি। ৩৮ বছর বয়সেও আর্জেন্টিনার স্বপ্নের কেন্দ্রবিন্দুতে তিনি।






