২০০৫ সালে কার্ডিফে সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ দল। এর ২১ বছর পর আজ মঙ্গলবার অজিদের দ্বিতীয়বারের মতো ওয়ানডেতে হারাল টাইগাররা। স্বাভাবিকভাবে এই জয়ে দারুণ ভাবে খুশি পুরো দেশসহ ক্রিকেটাররা।
টাইগারদের এমন জয়ে বড় অবদান রেখেছেন মোসাদ্দেক হোসেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মোসাদ্দেক বলেন, ‘অবশ্যই, ঐতিহাসিক জয়। আমি বলব খুব ভালো সুযোগ আছে আমাদের সামনে সিরিজটা জেতার। আমরা যদি আমাদের প্রক্রিয়ার মধ্যে থাকতে পারি অবশ্যই সম্ভব। আমি থেকে শুরু করে আমাদের সবার ওই বিশ্বাসটা করতে হবে।’
‘আন্তর্জাতিক ক্রিকেট তো কখনোই আপনার জন্য সহজ হবে না। পরিস্থিতিগুলো যখন আসবে তখন তো চাপ থাকবেই। অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে যখন খেলবেন, ওরা সবসময় অর্গানাইজ থাকে ওরা ওদের প্রক্রিয়া থেকে বের হতে চায় না। আমাদের প্রক্রিয়াটাও ঠিকঠাক ছিল শুধুমাত্র ২০টা রান কম করেছি।’-যোগ করেন তিনি।
এতবছর পরে দলে ফিরেই রান করেছেন মোসাদ্দক, ‘প্রথমে টিম ম্যানেজমেন্টের প্রতি কৃতজ্ঞ। উনারা আমাকে যেভাবে ব্যাক করেছে, খেলা শুরুর আগে যেভাবে স্বাধীনতা দিয়েছে… আমাকে শুধু বলা হয়েছে আমার খেলাটা উপভোগ করতে। সবার কাছে এটা বলব সবাই দোয়া করবেন আমি যেন এটা কন্টিনিউ করতে পারি।’






