ক্যারিয়ারসেরা ৬ উইকেট তুলে নিলেন নাহিদ রানা
স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। নাহিদ রানা ও তাসকিন আহমেদের বোলিং তোপে দেড় শ রানের নিচেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। এ সময় নাহিদ রানা ২১ রান খরচায় ক্যারিয়ারসেরা ৬ উইকেট তুলে নেন।
হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে ৩৭ ওভারে ১৪১ রানে গুটিয়ে যায়। এতে জয়ের জন্য ১৪২ রানের মামুলি লক্ষ্য পেল সফরকারীরা।
আর্দ্র উইকেটে আগে বোলিংয়ের সিদ্ধান্ত সঠিক ছিল, তা প্রমাণ করেছেন দুই দেশসেরা পেসার।
ম্যাচের শুরুতে জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারান দেখেশুনে শুরু করেন। ৬ ওভারে দলীয় ৩৬ স্কোরবোর্ডে যোগ করেন তারা। পরের ওভারে ঝুঁকিপূর্ণ সিঙ্গেল নিতে গিয়ে মেহেদী হাসান মিরাজের হাতে রান আউট হন কারান। একই ওভারে মোসাদ্দেককে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন একবার জীবন পাওয়া বেনেট।
৭ ওভারে শেষে জিম্বাবুয়ের রান ২ উইকেটে ৩৬। ক্রিজে দুই নতুন ব্যাটসম্যান ইনোসেন্ট কাইয়া ও ক্রেইগ আরভিন। প্রাথমিক বিপর্যয় সামলে ওঠার আগে আবারও তাসকিনের আঘাত। রানের খাতা খোলার আগে সাজঘরে ফেরেন আরভাইন।
অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজাকে দ্রুত ফেরান নাহিদ রানা। ১২ বলে ১ রান করেন রাজা। দ্রুত চার উইকেট হারিয়ে বিপদে স্বাগতিকরা।
পরের ওভারেই ওয়েসলি মাধেভেরে উইকেট তুলে নেন নাহিদ রানা। ১০ বল খেলে রানের দেখা পাননি এই ব্যাটার। এরপর আর কেউ থিতু হতে পারেনি ক্রিজে। ক্লাইভ মাদান্দে (২ রান) ও ব্র্যাড ইভান্সকে (৩ রান) ফিরেই ৫ম উইকেট তুলে নেন এই বাংলাদেশি পেসার।
১৪ ওয়ানডের ছোট্ট ক্যারিয়ারে তৃতীয়বারের মতো পাঁচ উইকেট নিলেন নাহিদ রানা। ২০ ওভারেই ৭০ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে রিচার্ড এনগারাভারা।
তবে শেষমেশ দলীয় শত রানের আগে অলআউট হওয়ার লজ্জা থেকে বাঁচায় লেয়ার অর্ডার নামা নিয়ামহুরি ও অধিনায়ক এনগারাভা। ৭০ বলে অর্ধশতকের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন তারা। দুজন মিলে গড়েন ৬৩ রানের জুটি।
তবে সেই জুটিও ভাঙেন নাহিদ রানা। ৪১ বলে ২৭ রান করে আউট হন এনগারভা। এরপর আর বেশিক্ষণ টিকতে পারেনি জিম্বাবুয়ে। দলীয় সর্বোচ্চ ৩৩ রান করে মিরাজের বলে ফেরেন নিয়ামহুরি। স্বাগতিকরা অলআউট হয় ১৪১ রানে। ফলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৪২ রানের।
বাংলাদেশের হয়ে ২১ রান দিয়ে সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছেন নাহিদ রানা। এই নিয়ে তৃতীয়বারের মতো পাঁচ উইকেট নিয়েছেন এই টাইগার পেসার। এ ছাড়া ২টি উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ।






