দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে বড় অবদান রাখার পুরস্কার পেলেন মোস্তাফিজুর রহমান। নতুন মৌসুমের আইএলটি২০-তেও তাকে ধরে রাখল দুবাই। তবে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের হয়নি এই ভাগ্য। তাদের ছেড়ে দিল এমআই এমিরেটস ও শারজাহ ওয়ারিয়র্স।
আগামী ২২ নভেম্বর শুরু হবে আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর। টুর্নামেন্ট শুরুর আগে অংশগ্রহণকারী দলগুলো নিজেদের ধরে রাখা ও নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে। সেখানেই বাংলাদেশের দুই অভিজ্ঞ ক্রিকেটারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে তাদের দল।
সাকিবের বিদায়টা অবশ্য খুব একটা বিস্ময়কর নয়। গত আইএলটি-টোয়েন্টিতে এমআই এমিরেটসের হয়ে ৮ ম্যাচ খেলেও ব্যাটে-বলে নিজের সেরা ছন্দে ছিলেন না তিনি। ৫ ইনিংসে ব্যাট করে ১১৫ রান করেন ১২২.৩৪ স্ট্রাইক রেটে। বল হাতেও খুব বেশি কার্যকর হতে পারেননি। পেয়েছেন মাত্র ৩ উইকেট।
তাসকিনের পরিসংখ্যান সাকিবের চেয়ে ভালো হলেও শারজাহ তাকে ধরে রাখেনি। প্রথমবার আইএলটি-টোয়েন্টি খেলতে নেমে শারজাহ ওয়ারিয়র্সের হয়ে ৬ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের এই পেসার। তার বোলিং গড় ছিল ১৫.৪৪। তবু নতুন মৌসুমের ধরে রাখা ক্রিকেটারদের তালিকায় জায়গা হয়নি তার।
বার্তা বাজার/এআর






