ক্রিকেটে হয়ে গেল এক অবিশ্বাস্য বিশ্বরেকর্ড
স্পোর্টস ডেস্ক : ‘বয়স কেবলই একটি সংখ্যা’— ক্রিকেট মাঠে যেন এই প্রবাদটিকেই নতুন করে সত্যি প্রমাণ করলেন জোয়ানা হিকস। ৪৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা এই স্পিনার এবার ৫১ বছর ১৭৩ দিন বয়সে ৫ উইকেট শিকার করে এক অবিশ্বাস্য বিশ্বরেকর্ড গড়েছেন।
পুরুষ ও নারী ক্রিকেট মিলিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তার চেয়ে বেশি বয়সে এক ইনিংসে ৫ উইকেট (ফাইফার) নেওয়ার কীর্তি নেই আর কারো।
রোমানিয়ার মোয়ারা ভ্লাসিয়েই ক্রিকেট গ্রাউন্ডে গ্রিস নারী দলের বিপক্ষে এই ঐতিহাসিক রেকর্ড গড়েন আইল অব ম্যানের অফস্পিনার জোয়ানা হিকস। টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচটিতে মাত্র ১০ রান খরচায় গ্রিক ব্যাটারদের ৫টি উইকেট ঝুলিতে পুরেন তিনি। জোয়ানার ঘূর্ণি তোপে পড়ে ১৫ ওভারে মাত্র ৫২ রানেই গুটিয়ে যায় গ্রিস।
জবাব দিতে নেমে পাওয়ার প্লের মধ্যেই মাত্র ১ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় আইল অব ম্যান।
আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে জোয়ানা হিকসই প্রথম ক্রিকেটার, যিনি ৫০ বছর বয়স পেরোনোর পর ইনিংসে ৫ উইকেট নেওয়ার গৌরব অর্জন করলেন। এর মাধ্যমে ভেঙে গেল দীর্ঘ ৯৬ বছরের পুরনো এক ঐতিহাসিক রেকর্ড। ১৯৩২ সালে মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ৪৯ বছর ৩১৪ দিন বয়সে ফাইফার নিয়ে এতদিন রেকর্ডটি ধরে রেখেছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি বাঁ-হাতি স্পিনার বার্ট আইরনমঙ্গার।
ঐতিহাসিক সেই মেলবোর্ন টেস্টে আইরনমঙ্গার অবশ্য দুই ইনিংসেই ৫ উইকেট শিকারের বিরল কীর্তি গড়েছিলেন—প্রথম ইনিংসে ৬ রানে ৫টি ও দ্বিতীয় ইনিংসে ১৮ রানে ৬টি। অজিদের ১৫৩ রানের জবাবে প্রোটিয়ারা দুই ইনিংসে যথাক্রমে ৩৬ ও ৪৫ রানে অলআউট হলে অজিরা বড় জয় পায়। সব মিলিয়ে ১৪ টেস্টের ক্যারিয়ার শেষে ১৯৩৩ সালে ৫০ বছর ৩২৭ দিন বয়সে খেলা ছাড়েন আইরনমঙ্গার, যিনি এখনও পর্যন্ত টেস্ট ইতিহাসের দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ ক্রিকেটার।
অন্যদিকে জোয়ানা হিকসের রেকর্ডভাঙার গল্প অবশ্য নতুন কিছু নয়। ২০২৪ সালে মাত্র ছয় দিনের ব্যবধানে গ্রিস ও মাল্টার বিরুদ্ধে জোড়া ফাইফার নিয়ে ৪৯ বছর ১৬৮ দিন বয়সে নারী ক্রিকেটের বয়োজ্যেষ্ঠ বোলার হিসেবে ৫ উইকেটের রেকর্ডটি নিজের করে নিয়েছিলেন।
এবার পুরুষ-নারী দুই ক্রিকেট জগৎকেই ছাড়িয়ে শীর্ষস্থান পাকাপোক্ত করলেন এই অদম্য ক্রিকেটার।






