মেসিকে এবার দেখা গেল ভিন্ন এক রূপে
স্পোর্টস ডেস্ক : পায়ের জাদুতে প্রতিপক্ষকে বধ করতে অভ্যস্ত লিওনেল মেসিকে এবার দেখা গেল ভিন্ন এক রূপে। দুর্দান্ত এক হেডারে গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন আর্জেন্টাইন মহাতারকা। তার নৈপুণ্যে মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে ক্যাম্পেওনেস কাপের শিরোপা জিতেছে ইন্টার মায়ামি।
ঘরের মাঠ ন্যু স্টেডিয়ামে ম্যাচের ২৪তম মিনিটে লুইস সুয়ারেজের দারুণ ক্রস থেকে হেডে গোল করে মায়ামিকে এগিয়ে দেন ৩৯ বছর বয়সী মেসি। ২০০৯ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পর কোনো ফাইনালে এটি মেসির প্রথম হেডে করা গোল।
এই গোলের মাধ্যমে মায়ামির জার্সিতে মাত্র ১১৪ ম্যাচে ১০০ গোল পূর্ণ করেন আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। কোনো ক্লাবের হয়ে গোলের সেঞ্চুরি পূর্ণ করতে এটিই মেসির সবচেয়ে কম ম্যাচের কীর্তি।
দ্বিতীয়ার্ধেও গোলের সুযোগ তৈরি করেছিলেন মেসি। ৫৫ মিনিটে সুয়ারেজের পাস থেকে তার চিপ শট জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। তবে ম্যাচের ৮১ মিনিটে আবারও মায়ামির গোলের উৎস হয়ে ওঠেন তিনি। মেসির নিখুঁত কর্নার থেকে হেডে গোল করে দলের জয় নিশ্চিত করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো।
রাফিনিয়ার হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে বার্সেলোনার সেভেনআপ
মায়ামির হয়ে কাসেমিরোর করা চার গোলের তিনটিতেই অ্যাসিস্ট করেছেন মেসি।
শুধু আক্রমণভাগ নয়, মায়ামির জয়ের পেছনে বড় অবদান ছিল গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ারেরও। ক্রুজ আজুলের একের পর এক আক্রমণ সামলে অন্তত চারটি নিশ্চিত গোল ঠেকিয়ে দলকে ক্লিনশিট এনে দেন তিনি। তার দুর্দান্ত পারফরম্যান্সেই শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।
মেজর লিগ সকারের (এমএলএস) চ্যাম্পিয়ন ও মেক্সিকোর লিগা এমএক্সের চ্যাম্পিয়নের মধ্যে ২০১৮ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে এক ম্যাচের বার্ষিক প্রতিযোগিতা ক্যাম্পেওনেস কাপ। সেই আসরেই এবার মেসির নেতৃত্বে শিরোপা ঘরে তুলল ইন্টার মায়ামি।





