ফুটবলের জন্য তুমি যা কিছু দিয়েছ, তার জন্য তোমাকে ধন্যবাদ – মেসিকে ইয়ামাল
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে স্পেন। ম্যাচ শেষে আবেগঘন এক মুহূর্তে লিওনেল মেসির সঙ্গে দেখা যায় স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালকে। সেই সাক্ষাতের সময় মেসিকে ঠিক কী বলেছিলেন, এবার তা নিজেই জানিয়েছেন ইয়ামাল।
ফাইনালের নির্ধারিত ৯০ মিনিটে কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ফেরান তোরেসের গোলে জয় নিশ্চিত করে স্পেন। মাত্র ১৯ বছর বয়সেই বিশ্বকাপ জয়ের স্বাদ পান ইয়ামাল। অন্যদিকে, ৩৯ বছর বয়সি মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা হয় হতাশাজনক পরাজয়ের মধ্য দিয়ে।
শিরোপা জয়ের আনন্দে স্পেনের খেলোয়াড়েরা যখন উদযাপনে ব্যস্ত, তখন ইয়ামাল মেসির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরেন। পরে ‘দ্য গার্ডিয়ান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সেই মুহূর্তের কথা বলতে গিয়ে ইয়ামাল জানান, তিনি মেসিকে বলেছিলেন, ‘ফুটবলের জন্য তুমি যা কিছু দিয়েছ, তার জন্য তোমাকে ধন্যবাদ।’
মেসি ও ইয়ামালের সম্পর্ক নিয়ে আরও একটি ছবি বহু বছর ধরেই আলোচনায়। শিশুবয়সে ইয়ামালকে গোসল করানোর সময় মেসির তোলা সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দুজনকে নিয়ে নানা তুলনা শুরু হয়।
তবে ছবিটি প্রকাশ্যে আসুক, শুরুতে তা চাননি ইয়ামাল। তার বাবা ফেসবুকে ছবিটি পোস্ট করার পর সেটি সরিয়ে দিতে বলেছিলেন তিনি। ইয়ামালের আশঙ্কা ছিল, মানুষ তাকে তার নিজের পরিচয়ে না দেখে সবসময় মেসির সঙ্গে তুলনা করবে।
এ প্রসঙ্গে ইয়ামাল বলেন, তিনি নিজের পরিচয়েই প্রতিষ্ঠিত হতে চেয়েছেন। তার ভাষায়, ‘আমি লামিনে হতে চেয়েছিলাম, মেসি হতে নয়। আমি শুধু নিজের জায়গায় যতটা দূর যেতে পারি, যেতে চেয়েছিলাম।’






