বিশ্বকাপ সামনে রেখে রাশিয়ান গ্র্যান্ডমাস্টার পিটার কিরিয়াকভকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দাবা ফেডারেশন। রাশিয়ান এই কোচের অর্থায়ন করছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন। এই অর্থায়নে অক্টোবর ও নভেম্বর দুই মাসে বাংলাদেশে কোচিং করাবেন পিটার।
আগামী ৩০ অক্টোবর থেকে ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে দাবা বিশ্বকাপ। সেই বিশ্বকাপে অংশ নিয়েছেন বাংলাদেশের দুই আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও মনন রেজা নীড়। মূলত তাদের প্রস্তুতিতে ঘাটতি না রাখতেই রাশিয়ান এই গ্র্যান্ডমাস্টারকে নিয়োগ করা হয়েছে। এর আগে, বিশ্বের বহু শীর্ষ গ্র্যান্ডমাস্টার ও আন্তর্জাতিক দাবাড়ুদের কোচ হিসেবে কাজ করেছেন পিটার।
এদিকে, ফাহাদ ও নীড়ের বিশ্বকাপ প্রস্তুতির পাশাপাশি পিটারের মাধ্যমে আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন, আবু সুফিয়ান শালিক, ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস, মোহাম্মদ শাকের উল্লাহ, মোহাম্মদ জাভেদ, অনত চৌধুরী, মোঃ শরীফ হোসেন, সেখ নাসির আহমেদ ও নাইম হকরাও শেখার সুযোগ পাবেন। শীর্ষস্থানীয় নারী দাবাড়ুদের নিয়েও পরিকল্পনা রয়েছে ফেডারেশনের।
/এএম






