আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহে কোনো ঘাটতি যেন না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিক প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রেল মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এলপিজি অপারেটরদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে তিনি বলেন, চলতি মাস ও আগামী ফেব্রুয়ারিতে এলপিজি অপারেটররা যে পরিমাণ আমদানির প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। জাতীয় নির্বাচন ও মাহে রমজানের মতো গুরুত্বপূর্ণ সময়ে যাতে ভোক্তাদের কোনো ধরনের ভোগান্তি না হয়, সে জন্য পর্যাপ্ত এলপিজি সরবরাহ নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার বলে জানান তিনি।
- যেদিন থেকে ফের টানা ৩ দিনের ছুটি শুরু
- ড. মঈন খানের অবস্থা সংকটাপন্ন, চলছে মাল্টিডিসিপ্লিনারি চিকিৎসা
জ্বালানি উপদেষ্টা জানান, অপারেটরদের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সরকার পক্ষ থেকেও সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে। আমদানি, পরিবহন কিংবা আনুষঙ্গিক যে কোনো সমস্যার ক্ষেত্রে সরকার সহযোগিতামূলক ভূমিকা পালন করবে। সভায় অপারেটরদের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন আন্তর্জাতিক বিরূপ পরিস্থিতির কারণে সাম্প্রতিক সময়ে এলপিজি আমদানিতে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়েছে। অতিরিক্ত মূল্য বৃদ্ধি করার মতো কোনো পদক্ষেপ তারা নেননি এবং এ সংক্রান্ত অভিযোগ সঠিক নয়।
অপারেটররা আরও জানান, চলতি মাসে নির্ধারিত ১ লাখ ৬৭ হাজার ৬০০ টন এলপিজি আমদানির লক্ষ্যমাত্রা অর্জিত হলে চলমান সংকট অনেকাংশে কেটে যাবে এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক হবে। সভায় জ্বালানি বিভাগের সচিব, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন। তারা এলপিজি সরবরাহ, মূল্য স্থিতিশীলতা ও বাজার তদারকি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।






