নিরাপত্তা ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ। এ নিয়ে ভারত-বাংলাদেশ-আইসিসি ত্রিমুখী লড়াই চলছিল। অবশেষে এলো সমাধান। আইসিসির বোর্ড সভা শেষে জানা গেছে, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। আর না গেলে বাংলাদেশের বিকল্প দল নিয়ে টুর্নামেন্ট চালিয়ে যাবে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
বিশ্বকাপের ভেন্যু জটিলতা সমাধানের লক্ষ্যে আজ এক বৈঠকে বসেছিল আইসিসি। সেখানেই তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছে—বাংলাদেশ যদি ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচ খেলতে ভারত সফরে যেতে অস্বীকৃতি জানায়, তাহলে টুর্নামেন্টে বাংলাদেশের জায়গায় অন্য একটি দলকে অন্তর্ভুক্ত করা হবে। এই অবস্থানের পর আইসিসি বোর্ডে ভোটাভুটি অনুষ্ঠিত হয়, যেখানে বোর্ডের অধিকাংশ সদস্য বিকল্প দল অন্তর্ভুক্ত করার পক্ষে মত দেন। একই সঙ্গে ভারতে খেলতে যাওয়ার বিষয়ে নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করে আইসিসিকে জানাতে বিসিবিকে আরও একদিন সময় দেওয়া হয়েছে।
যদি বাংলাদেশ সরে দাঁড়ায়, তাহলে বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হতে পারে। ইউরোপীয় বাছাইপর্বে নেদারল্যান্ডস, ইতালি ও জার্সির পেছনে থেকে চতুর্থ হওয়ায় স্কটল্যান্ড ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে পারেনি।
বার্তা বাজার/এমএমএইচ






