ঢাকা   বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাংলাদেশের প্রতি সংহতি জানাতেই ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পাকিস্তানের

Authorনিউজ রুম

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪২ পিএম

বাংলাদেশের প্রতি সংহতি জানাতেই ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পাকিস্তানের

অনেক নাটকীয়তার পর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে পাকিস্তানের ফেডারেল সরকার। তবে ভারতের বিপক্ষে আগামী ১৫ ফেব্রুয়ারির নির্ধারিত ম্যাচটি খেলবে না পাকিস্তান ক্রিকেট দল।

গতকাল (রোববার) রাজধানী ইসলামাবাদে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম জিও নিউজ। সূত্রের বরাতে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষপাতদুষ্ট আচরণ, বিশেষ করে বাংলাদেশের সঙ্গে করা বৈষম্য এমন সিদ্ধান্তের নেপথ্যে প্রধান কারণ।

ঘটনার সূত্রপাত, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর। নিরাপত্তা শঙ্কা দেখিয়ে টাইগার এই পেসারকে বাদ দেয় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এরপর একই কারণ দেখিয়ে বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। তবে আইসিসি সেই আবেদন প্রত্যাখ্যান করে।

বিসিবির অবস্থান অনড় থাকায় আসন্ন বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়। আইসিসি জানায়, টুর্নামেন্ট শুরুর (৭ ফেব্রুয়ারি) এত কাছাকাছি সময়ে সূচি পরিবর্তন করা সম্ভব নয়। শুরু থেকেই আইসিসির এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছে পিসিবি। গতকালকের আগেও আরেক দফা দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন পিসিবি সভাপতি।

পাকিস্তান সরকারের সিদ্ধান্তের প্রসঙ্গে সূত্রগুলো বলেছে, বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সূত্রের ভাষ্য, “প্রতিবাদস্বরূপ পাকিস্তান দলকে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ না খেলতে নির্দেশ দেওয়া হয়েছে।”

দেশটির সরকারি সূত্রগুলো আরও জানায়, ২০২৪ সালের আগস্টে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হওয়া ভারতের জয় শাহ তার সিদ্ধান্তের মাধ্যমে আইসিসিকে কার্যত ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলে’ পরিণত করেছেন। সূত্রগুলো বলেছে, “ন্যায়বিচার ও সমতার নীতিমালা পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তের কারণে ভেঙে পড়েছে। আইসিসির মঞ্চে সিদ্ধান্ত গ্রহণে দ্বিমুখী মানদণ্ড প্রয়োগ করা হচ্ছে।” বর্তমান পরিস্থিতিতে প্রতিবাদ জানানো জরুরি হয়ে পড়েছিল বলেও মন্তব্য করেছে পাকিস্তান সরকারের সংশ্লিষ্ট সূত্র।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন