ঢাকা   সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ঠাকুরগাঁওয়ে ৪১৭ ভোট কেন্দ্রের ২০১টি ঝুঁকিপূর্ণ

Authorনিউজ রুম

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৩ পিএম

ঠাকুরগাঁওয়ে ৪১৭ ভোট কেন্দ্রের ২০১টি ঝুঁকিপূর্ণ

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী আমেজ ছড়িয়ে পরলেও নানাবিধ কারণে শঙ্কিত সাধারণ ভোটাররা। বিগত সময়ে ভোট ঘিরে নানা সহিংসতার ঘটনায় এবারও নির্বাচন নিয়ে উদ্বেগ জানিয়েছেন তারা। দেশের বর্তমান রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ তাদের ভয় আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

জেলা প্রশাসনের তথ্যমতে, তিনটি সংসদীয় আসনে এবার প্রতিদ্বন্দিতা করছেন ২০ প্রার্থী। ১২ লাখের বেশি ভোটারের জন্য প্রস্তত হচ্ছে ৪১৭ টি ভোটকেন্দ্র।

এসব কেন্দ্রের মধ্যে ২০১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

কেন্দ্রগুলোর মধ্যে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে ৯২টি, ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী, হরিপুর, রাণীশংকৈলের একাংশ) আসনে ৪৬টি এবং ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ, রাণীশংকৈল) আসনে ৬৩টিকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে।

কেন্দ্রগুলোকে নির্বাচন উপযোগী করার পাশাপাশি শান্তিপূর্ণ ভাবে ভোট সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। নিরাপত্তা, নিরপেক্ষতা আর সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে থাকবে সিসিটিভি।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা বলেন, ‘অবাধ, সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নে প্রশাসন বদ্ধ পরিকর৷ প্রত্যেকটা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে। এ ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনী অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সচেষ্ট ভূমিকা রাখবে।’

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামের স্কুল শিক্ষক শফিকুল ইসলাম বলেন, ‘আমরা ভোট ঘিরে সহিংসতার আর পুনরাবৃত্তি চাই না। আমরা চাই ভোট হোক আনন্দের, ভোট হোক উৎসবমুখর৷ প্রশাসন সর্বোচ্চ নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করছি।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!