জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো একটি আসনে বিজয়ী হয়ে সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করেছে ইসলামী আন্দোলন।
বরগুনা-১ আসনে বেসরকারি ফলাফলে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন দলটির মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মো. অলি উল্লাহ। তিনি বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লাকে ৪ হাজার ১৭৫ ভোটে পরাজিত করেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, অলি উল্লাহ পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৫১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম মোল্লা পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৩৩৬ ভোট।
বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে গঠিত বরগুনা-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৯ হাজার ৪৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৯৭ জন এবং নারী ভোটার ২ লাখ ৬০ হাজার ৩৫১ জন। এ আসনে নতুন ভোটার হয়েছেন ৩৭ হাজার ৯৬০ জন। এ ছাড়া, পোস্টাল ভোটার রয়েছেন ৬ হাজার ২৯৮ জন।






