ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরানের আক্রমণের ভয়ে সৌদি ছেড়ে গেলেন রোনালদো

Authorনিউজ রুম

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৭:৫৯ পিএম

ইরানের আক্রমণের ভয়ে সৌদি ছেড়ে গেলেন রোনালদো

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে– ক্রিস্টিয়ানো রোনালদো কি নিরাপত্তাজনিত কারণে সৌদি আরব ছেড়ে গেছেন? সৌদি আরবে তার ক্লাব আল নাসরের ঘাঁটি রিয়াদ থেকে তার ব্যক্তিগত জেট গভীর রাতে মাদ্রিদের উদ্দেশে উড়ে গেছে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত তীব্র হওয়ার পর রিয়াদে ইরানের হামলার খবর প্রকাশিত হয়েছে। রাতের অভিযানে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা হয়েছে বলে জানা যায়। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, বাহরাইনের একটি ভবনও ধ্বংস হয়েছে। নিরাপত্তা শঙ্কায় বহু বিদেশি নাগরিক মধ্যপ্রাচ্য ছাড়তে শুরু করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলসহ একাধিক সূত্র জানিয়েছে, রোনালদোর বিলাসবহুল ব্যক্তিগত বিমান সৌদি আরব ছেড়ে ইউরোপে গেছে। ফ্লাইট ট্র্যাকার অনুযায়ী, তার বোম্বারডিয়ার গ্লোবাল এক্সপ্রেস বিমানটি সাত ঘণ্টা আকাশে থাকার পর মাদ্রিদে অবতরণ করে। রাত ৮টায় যাত্রা শুরু করে স্থানীয় সময় রাত ১টার কিছু আগে স্পেনের রাজধানীতে পৌঁছায় বিমানটি। ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বিমানটি মিশর ও ভূমধ্যসাগরের ওপর দিয়ে উড়ে গন্তব্যে পৌঁছায়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের অঞ্চল ত্যাগের পরামর্শ দিয়েছে। জানা গেছে, দুবাই থেকে প্রায় ৯৪ হাজার ব্রিটিশ নাগরিক বের হওয়ার চেষ্টা করছেন। সামাজিক মাধ্যমে বিভিন্ন সেলিব্রিটি নিজেদের আপডেট শেয়ার করছেন।

ধারণা করা হচ্ছে, রোনালদোও সরকারি পরামর্শ মেনে বিকল্প আবাসনের ব্যবস্থা করেছেন। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকার পক্ষে দ্রুত দেশত্যাগের ব্যবস্থা করা কঠিন ছিল না।

২০২৪ সালে রোনালদো প্রায় ৬১ মিলিয়ন পাউন্ড মূল্যের বোম্বারডিয়ার গ্লোবাল এক্সপ্রেস ৬৫০০ জেট কেনেন। এর আগে ২০১৫ সালে কেনা গালফস্ট্রিম জি২০০ বিক্রি করে তিনি নতুন বিমানটি সংগ্রহ করেন। প্রায় ১৫ জন যাত্রী বহনে সক্ষম এই বিমানে টেবিল-সোফাসহ বিলাসবহুল বসার জায়গা, ডাবল বেডসহ শয়নকক্ষ এবং আলাদা শাওয়ার সুবিধা রয়েছে। বিমানে তার সিআরসেভেন ব্র্যান্ডের লোগোও রয়েছে, যা তার সঙ্গী জর্জিনা রদ্রিগেজ বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানে যাতায়াতে ব্যবহার করেন।

বিশ্ব ফুটবলের অন্যতম লাভজনক চুক্তিতে থাকা রোনালদোর জন্য এমন বিলাসী ভ্রমণ ব্যয় বহন করা কঠিন নয়। ৪১ বছর বয়সী এই তারকা আল-নাসরে দৈনিক প্রায় ৫ লাখ পাউন্ড আয় করেন বলে জানা গেছে।

তবে বর্তমানে চোটের কারণে তিনি মাঠের বাইরে। সম্প্রতি সৌদি প্রো লিগে আল ফায়হা’র বিপক্ষে ম্যাচে পেশিতে চোট পান তিনি। সেই চোটের গুরুতরতা নিয়ে উদ্বেগ রয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যে সহিংসতা বাড়ায় এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এক বিবৃতিতে জানিয়েছে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের ২০২৫-২৬ মৌসুমের রাউন্ড অব ১৬-এর পশ্চিম অঞ্চলের ম্যাচগুলো পুনঃনির্ধারণ করা হবে। পাশাপাশি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু ও এএফসি চ্যালেঞ্জের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচগুলোও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। পূর্ব অঞ্চলের ক্লাবগুলোর ম্যাচ নির্ধারিত সূচি অনুযায়ী চলবে বলে জানানো হয়।

সম্ভবত রোনালদো এখন পরিচিত পরিবেশে ফিরে গেছেন। ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের নয় বছর কাটিয়ে তিনি ৪৫০ গোল করেন এবং ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হন। সান্তিয়াগো বার্নাব্যুতে খেলার সময়ই তার সঙ্গে জর্জিনার পরিচয় হয়। ২০২৫ সালের আগস্টে বাগদানের ঘোষণা দেওয়ার পর তারা বিয়ের পরিকল্পনাও করছেন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন