মণিপুর রাজ্যের চান্দেল জেলার নিউ সামতাল গ্রামে সশস্ত্র অভিযানে কমপক্ষে ১০ জন সন্ত্রাসী নিহত হয়েছে। বুধবার ভারত-মিয়ানমার সীমান্ত সংলগ্ন খেংজয় তহশিল এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
ভারতের সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসাম রাইফেলসের একটি দল অভিযানে নামে। সন্ত্রাসীদের গতিবিধি নজরে আসার পর সেনা সদস্যরা এলাকাটি ঘিরে ফেলে এবং অভিযানের সময় সন্ত্রাসীরা গুলি চালালে পাল্টা গুলি চালিয়ে জবাব দেয়।
সেনাবাহিনী আরও জানায়, টানা গুলিবিনিময়ের ফলে ঘটনাস্থলেই ১০ জন সন্ত্রাসী নিহত হয়। এছাড়া অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
অভিযান চলমান রয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। সেনা কর্মকর্তারা ধারণা করছেন, সীমান্তবর্তী অঞ্চল ব্যবহার করে এই সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল। এ অভিযান তাদের সক্রিয়তা দমনে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।






