ঢাকা   শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাংলাদেশে সংসদীয় স্বৈরতন্ত্র দেখতে পাচ্ছি: সরোয়ার তুষার

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পিএম

বাংলাদেশে সংসদীয় স্বৈরতন্ত্র দেখতে পাচ্ছি: সরোয়ার তুষার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, ‘বাংলাদেশে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সংসদীয় স্বৈরতন্ত্র। যেখানে ছোট রায় বড় রায়কে গিলে খেয়ে ফেলতে চাচ্ছে।’

জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আজ শনিবার ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ: আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল সংলাপে সরোয়ার তুষার এ মন্তব্য করেছেন। সংলাপটির আয়োজন করেছিল নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস নামের একটি সংগঠন।

সারোয়ার তুষার বলেন, ‘বিএনপি ৫১ শতাংশ রায় পেয়েছে। সেটা দিয়ে তারা বলছে যে এটা ৭০ শতাংশের চেয়ে বড় রায়। তারা সংসদে ২০ থেকে ৩০ মিনিট সুযোগ পেয়ে একেবারে ভুলভাল এবং বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন। বাংলাদেশের জনগণ তাদের আইন প্রণয়ন করার ম্যান্ডেট দিয়েছে, অন্য কিছু নয়। ৫১ শতাংশ রায় দিয়ে আপনারা ৭০ শতাংশ রায়কে কোনোভাবেই অবজ্ঞা কিংবা অস্বীকার করতে পারবেন না।’

সংবিধানে সংসদকে ‘সার্বভৌম’ বলা হয়েছে- এমন দাবিকে চ্যালেঞ্জ জানিয়ে এনসিপির এই নেতা বলেন, ‘বাংলাদেশের সংবিধানের কোথাও সংসদকে সার্বভৌম বলা হয়নি। সংবিধানের ৭ অনুচ্ছেদ অনুযায়ী, প্রজাতন্ত্রের মালিক জনগণ এবং সংবিধানের প্রাধান্যই হবে জনগণের অভিপ্রায়ের ইচ্ছার প্রকাশ। এ ছাড়া অনুচ্ছেদ ৬৫ অনুযায়ী, সংসদকে অবশ্যই সংবিধানের বিধান সাপেক্ষে আইন প্রণয়ন করতে হবে; সংবিধানের স্পিরিটের পরিপন্থী কোনো আইন সংসদ করতে পারে না।’

এনসিপি নেতা সরোয়ার তুষার অভিযোগ করেন, ‘বর্তমান সরকার গণভোট থেকে জনগণের দৃষ্টি আড়াল করতেই মূলত জুলাই সনদ বাস্তবায়নের কথা বলে।’ তিনি বলেন, জনগণের ম্যান্ডেট অনুযায়ী দ্রুত গণভোট ও সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। এটি এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।

গুম সংক্রান্ত অধ্যাদেশ বাতিল করে জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে আটককৃতদের তথ্য গোপন করার আইনি সুযোগ তৈরির প্রচেষ্টাকে ‘নির্লজ্জ’ হিসেবে আখ্যায়িত করেন সরোয়ার তুষার। তিনি বলেন, মানবাধিকার নিয়ে অতীতে সোচ্চার ব্যক্তিদের বর্তমান নীরবতাও দুর্ভাগ্যজনক।

বিএনপি নেতৃত্বকে সতর্ক করে এনসিপির এই নেতা বলেন, ‘তাঁরা যেন আওয়ামী লীগের মতো সংসদীয় স্বৈরতন্ত্রের পথে না হাঁটে।’ ৫ আগস্টের গণ-অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, জনগণের দাবি মেনে গণভোটের রায় বাস্তবায়ন করাই বর্তমান সংকটের একমাত্র “এক্সিট রুট” বা উত্তরণের পথ।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন