শেরপুরের শ্রীবরদী সীমান্তবর্তী এলাকায় সরকারি বনের গাছ কর্তন ও পরিবহনের মাধ্যমে পাঁচারকালে দুই কাঠচোরকে আটক করেছে বন বিভাগ। এ সময় একটি ব্যাটারিচালিত অটোভ্যান, কাটা গাছ এবং গাছ কাটার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
রোববার (১২ এপ্রিল) ভোরে উপজেলার রানী শিমুল ইউনিয়নের সীমান্তবর্তী বালিজুরি এলাকার উডলট বন বাগান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— হালুয়াহাটী গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে জজ মিয়া (৫০) এবং বালিজুরি এলাকার কাসেম আলীর ছেলে জুমুর আলী (৪০)। তারা স্থানীয়ভাবে বনজ কাঠচোর হিসেবে পরিচিত বলে জানিয়েছে বন বিভাগ।
বালিজুরি ফরেস্ট রেঞ্জ অফিস সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৫টার দিকে বালিজুরি রেঞ্জের সদর বিটের আওতাধীন ২০১৪-১৫ অর্থবছরে সৃজিত প্রায় ৪০ হেক্টরের তৃতীয় আবর্তের উডলট বাগানে আকাশমনি গাছ কাটার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়ার নেতৃত্বে সদর বিট কর্মকর্তা মাজহারুল ইসলামসহ বন বিভাগের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে গাছ কাটার পর পরিবহনের উদ্দেশ্যে মজুদ করার সময় দুইজনকে আটক করে। এ সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে মোজাহাত আলীর ছেলে লাল চান বাদশাসহ অন্য সহযোগীরা পালিয়ে যায়।
অভিযানস্থল থেকে উদ্ধার করা হয় কাঠ পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোভ্যান, ১২ টুকরা আকাশমনি গোল কাঠ (প্রায় ১০ ঘনফুট), চারটি আকাশমনি গাছের মোথা, দুটি হাত করাত এবং একটি দা।
বালিজুরি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া জানান, আটক জজ মিয়া ও জুমুর আলী পাহাড়ি অঞ্চলের পেশাদার কাঠচোর। অভিযানের সময় তাদের আরেক সহযোগী লালচান বাদশা পালিয়ে যায়।
আটককৃতদের শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি। বনজ সম্পদ রক্ষায় দিন-রাত টহল জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বন বিভাগের এই কর্মকর্তা।
বার্তা বাজার/এস এইচ






