পুলিশের চাকরি থেকে দেড় দশক আগে বরখাস্ত হওয়া মো. কোহিনুর মিয়াকে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (চতুর্থ গ্রেড) হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।
রবিবার (১২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এই পদোন্নতি দেওয়ার কথা জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. কোহিনুর মিয়াকে (বিপি-৬৭১৯০৯২১) এই পদে পদোন্নতি প্রদান করা হলো। তার এই পদোন্নতি ৭ এপ্রিল ২০১৫ তারিখ থেকে কার্যকর ধরা হয়েছে।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা বিধি মোতাবেক বকেয়া বেতন-ভাতা প্রাপ্য হবেন।
২০০৯ সালের ৪ অক্টোবর আওয়ামী লীগ সরকারের আমলে কোহিনুর মিয়াকে বরখাস্ত করা হয়েছিল। বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সেই বরখাস্তের আদেশ গত ৯ মার্চ প্রত্যাহার করে নেওয়া হয়। এতে তিনি সব সুযোগ-সুবিধাসহ সরকারি চাকরি ফিরে পান।
ঢাকা ও ময়মনসিংহে দেড় যুগ আগে পুলিশ সুপার হিসেবে কর্মরত থাকাকালে বিভিন্ন ঘটনায় আলোচিত হন কোহিনুর মিয়া। সর্বশেষ তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) হিসেবে কর্মরত ছিলেন।






