সিলেটে সম্পূর্ণ বিনা খরচে রাজকীয় আয়োজনে বিয়ের পিঁড়িতে বসেছেন ১২৬ জন হতদরিদ্র, এতিম ও অসহায় তরুণ-তরুণী।
বৃহস্পতিবার সিলেটের একটি কনভেনশন হলে স্থানীয় মানবিক সংগঠন ‘সিডস অব ব্লেসিংস’ মহা-ধুমধামে এ জমকালো গণবিবাহের আয়োজন করে।
অর্থাভাবে বিয়ে করতে না পারা এসব প্রাপ্তবয়স্ক তরুণ-তরুণীর নতুন জীবন শুরু করতে যুক্তরাজ্য প্রবাসী তরুণদের সংগঠন ‘সিডস অব সাদাকাহ’ প্রয়োজনীয় অর্থায়ন করেছে। বর্ণিল উৎসবমুখর এ আয়োজনে মধ্যাহ্নভোজসহ কোনো কিছুরই কমতি ছিল না।
নবদম্পতিদের নতুন সংসার সাজিয়ে দিতে উপহার হিসেবে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয়েছে প্রায় দুই লাখ টাকা সমমূল্যের ৭৭ প্রকারের নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী।
সিডস অব সাদাকাহ সংগঠনের প্রধান মো. জয়নুল আবেদিন জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য আনন্দ ও স্বনির্ভরতার পথ তৈরি করাই তাদের মূল লক্ষ্য।
আয়োজক ওরকাতুল জান্নাত বলেন, এই সহায়তা নতুন দম্পতিদের মনে আগামী দিনে সুন্দরভাবে পথচলার আশা ও উদ্দীপনা জাগাবে। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন আয়োজকরা।






