যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধের আগের সময়ের চেয়েও দ্রুতগতিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত করছে ইরান। রোববার ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাভি এই দাবি করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রক্ষণাবেক্ষণ এবং পুনর্নির্মাণ কাজের ভিডিও পোস্ট করে আইআরজিসির এই কমান্ডার বলেছেন, যুদ্ধবিরতির সময় ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ ব্যবস্থা পুনরায় সচল করার গতি যুদ্ধপূর্ব সময়কেও ছাড়িয়ে গেছে।
জেনারেল মুসাভি বলেন, যুদ্ধবিরতির এই সময়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ সরঞ্জাম আধুনিকায়ন ও পুনরায় তৈরির ক্ষেত্রে আমাদের গতি যুদ্ধের আগের চেয়েও বেশি।
তিনি বলেন, আমাদের কাছে তথ্য রয়েছে, শত্রুপক্ষ নিজেদের জন্য এমন পরিস্থিতি তৈরি করতে অক্ষম এবং তারা বিশ্বের অন্য প্রান্ত থেকে খুব সামান্য পরিমাণে গোলাবারুদ নিয়ে আসতে বাধ্য হচ্ছে।
ইরানের বিরুদ্ধে আমেরিকান ও ইসরায়েলি শত্রুদের আগ্রাসন ব্যর্থ হয়েছে জানিয়ে জেনারেল মুসাভি বলেন, ‘‘যুদ্ধের এই ধাপেও তারা পরাজিত হয়েছে! তারা হরমুজ প্রণালি হারিয়েছে এবং লেবাননসহ পুরো অঞ্চলও হারিয়েছে।’’
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।
বার্তা বাজার/এমএমএইচ






